কাঠ ও বিস্কুটের গুঁড়ার চাটনি, মালিকের ছয় মাসের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঠ ও বিস্কুটের গুঁড়া, সঙ্গে পচা বরই। তাতে মেশানো হতো কৃত্রিম গন্ধ। এভাবে মজাদার চাটনি তৈরি হতো দক্ষিণ কেরানীগঞ্জের একটি কারখানায়। একই কারখানায় তৈরি হতো নকল এনার্জি ড্রিংকস। এটি তৈরি হতো নেশাজাতীয় সিরাপ, ময়দা, চিনি আর কৃত্রিম গন্ধ মিশিয়ে।
এসব ভেজাল চাটনি ও এনার্জি ড্রিংকস তৈরির অপরাধে কারখানাটির মালিক মনির হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব ) ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
গতকাল শনিবার বেলা ১১টায় র‍্যাব -১০-এর একটি দল নিয়ে ভ্রাম্যমাণ আদালত কেরানীগঞ্জ দক্ষিণ খেজুরবাগ সাকিনস জামে মসজিদ রোডে আবদুল হালিমের কারখানায় অভিযান চালান। তিনতলা ভবনের দোতলা কারখানা বসিয়ে এক বছর ধরে ভেজাল চাটনি ও এনার্জি ড্রিংকস তৈরি করছিলেন মনির।
ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, কারখানাটির পরিবেশও ছিল অস্বাস্থ্যকর। কারখানাটির ভেতরেও বেশ দুর্গন্ধ ছিল। নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশে এখানে তৈরি করা হতো নানা ধরনের চাটনি ও এনার্জি ড্রিংকস। এসব খাদ্য পণ্যে শুধু ভেজাল উপাদানই নয়, মেশানো হতো ময়লা ও দূষিত পানি। পরে এগুলোর প্যাকেট ও মোড়কে বসানো হতো নামকরা প্রতিষ্ঠানের মোড়ক।
র‍্যাবের অভিযানে ওই কারখানা থেকে ১০ কার্টন চাটনি, ৭৯টি এনার্জি ড্রিংকসের বোতল, বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়।