কাঠবোঝাই নৌকা ছিনতাই
বান্দরবানের আলীকদমে গত বৃহস্পতিবার রাতে বন বিভাগের জব্দ করা মাতামুহুরি প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চলের মূল্যবান কাঠবোঝাই নৌকা গাছ পাচারকারীরা লুট করে নিয়ে গেছে। এ সময় পাচারকারীরা বন বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর ওপর আক্রমণের চেষ্টা করলে বনকর্মীরা একটি ফাঁকা গুলি ছোড়ে বলে গতকাল শুক্রবার স্থানীয় লোকজন জানিয়েছেন।
আলীকদমের মাতামুহুরি রেঞ্জ কার্যালয় এলাকার রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে লামা বিভাগীয় বন কর্মকর্তা গোপনে মাতামুহুরি নদীর আলীকদম বাজারঘাট এলাকায় অভিযান চালিয়েছেন। এ সময় তিনি কাঠবোঝাই দুটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেন।
মাতামুহুরি রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম বলেন, জব্দ করা কাঠ রেঞ্জ কার্যালয়ের ঘাটে আনার সময় পাচারকারীরা অতর্কিতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। বনকর্মীরা প্রাণ রক্ষার্থে নৌকা নিয়ে তীরে ভিড়লে তাঁদের ওপর আক্রমণের চেষ্টা করে। এ সময় একটি ফাঁকা গুলি করা হয়। পাচারকারীরা কাঠবোঝাই নৌকা ও তীরে থাকা কিছু কাঠও লুট করে নৌকায় তুলে পালিয়ে যায়।
বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, তিনি কাঠ জব্দ করার পর রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করেছেন। এ সময় পাচারকারীরা আক্রমণ চালিয়ে কাঠবোঝাই নৌকা নিয়ে যায়। এ নিয়ে আলীকদম থানায় একটি মামলা হয়েছে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন বলেন, বন বিভাগের এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি। মামলা নথিভুক্ত করার পর তদন্তে বোঝা যাবে কারা ঘটনার সঙ্গে জড়িত ছিল।