কাঠমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার, হাজতির মৃত্যু
রাজধানীর খিলগাঁওয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় গতকাল রোববার ভোরে স্বপন দাস (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পেশায় তিনি কাঠমিস্ত্রি ছিলেন। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে।
খিলগাঁও থানার উপপরিদর্শক মজিবুর রহমান বলেন, সিপাহীবাগের একটি বাসা থেকে গতকাল ভোরে কাঠমিস্ত্রি স্বপন দাসের লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত দেড়টার পর যেকোনো সময় স্বপন দাস তাঁর ঘরের ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। ভোররাতে পরিবারের সদস্যরা তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখে থানায় খবর দেন।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতি আনু সরদারের (৪০) মৃত্যু হয়েছে। কারারক্ষী আবু হানিফ বলেন, দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার আনু সরদার একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে হাজতবাস করছিলেন।