কাঠের আলমারিতে এক লাখ ইয়াবা বড়ি, আটক ২
কাঠের আলমারিতে করে এক লাখ ইয়াবা বড়ি পাচারের সময় চট্টগ্রাম নগরের ধনিয়ালা পাড়ায় একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে র্যাব। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার রাত নয়টার দিকে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের ধনিয়ালা পাড়া কার্যালয়ে অভিযান চালায় র্যাব। অভিযানে থাকা র্যাবের সহকারী পরিচালক এএসপি শাহেদা সুলতানা বলেন, কুরিয়ার সার্ভিসের গুদামের ভেতর থেকে কাঠের আলমারিটি চিহ্নিত করা হয়। আলমারির ড্রয়ারের নিচে আলাদা একটি খোপ তৈরি ছিল। এর মধ্যে বেশ কয়েকটি প্যাকেটে এক লাখ ইয়াবা বড়ি লুকানো ছিল। তিনি বলেন, এসব ইয়াবা নারায়ণগঞ্জে পাঠানো হচ্ছিল।
জানা গেছে, গতকাল সন্ধ্যায় এক ব্যক্তি ওই আলমারিটি নারায়ণগঞ্জের আনোয়ার হোসেনের নামে পাঠানোর জন্য বুকিং দেন। আলমারিতে ইয়াবা আছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে রাত নয়টার দিকে র্যাব সেখানে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটির ধনিয়ালা শাখার ব্যবস্থাপক এস এম মবিন ও পার্সেল সহকারী শামসুদ্দিন ওরফে সবুজকে আটক করে র্যাব।
আটক হওয়া এস এম মবিন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘এখানে সবকিছু কাগজপত্রের মাধ্যমে হয়। ওই ব্যক্তি যে আলমারির ভেতরে লুকিয়ে ইয়াবা পাঠাচ্ছেন সেটা আমরা জানতাম না। এ ঘটনায় আমাদের কোনো সম্পৃক্ততা নেই।’
র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার এবং দুজনকে আটকের বিষয়টি স্বীকার করেছেন।