কাদাপানি মাড়িয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন কাদাপানি মাড়িয়ে চলতে হয় সোয়ারীঘাট-চকবাজার সড়ক ব্যবহারকারীদের। গতকাল তোলা ছবি l প্রথম আলো
এমন কাদাপানি মাড়িয়ে চলতে হয় সোয়ারীঘাট-চকবাজার সড়ক ব্যবহারকারীদের। গতকাল তোলা ছবি l প্রথম আলো

সড়কটিতে ফুটপাত বলতে কিছু নেই। যানবাহনের গা ঘেঁষে চলতে হয় পথচারীদের। এরই মধ্যে সড়কের এক পাশে নালা তৈরির কাজ শুরু হয়েছে। এতে সড়কের সোয়ারীঘাটসংলগ্ন অংশে চলতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। এ ছাড়া বৃষ্টির কারণে সড়কে জমে আছে কাদাপানি। এই চিত্র চকবাজার-সোয়ারীঘাট সড়কের।

স্থানীয় লোকজন বলেন, চকবাজার থেকে সোয়ারীঘাট সড়ক কয়েক বছর ধরেই বেহাল। এর মধ্যে শুরু হয়েছে পয়োনালা তৈরির কাজ। রমজান মাসের আগে কাজ শুরু হয়েছে। ঈদের সময় কাজ বন্ধ হওয়ার পর এখনো শুরু হয়নি। এতেখুঁড়ে রাখা সড়ক দিয়ে চলাচলে দুর্ভোগে পড়ছেন ব্যবহারকারীরা।

বুড়িগঙ্গার দক্ষিণ পাড়ের অনেক মানুষকে প্রতিদিন এ পাড়ে আসতে হয়। তাঁরা নৌকা-ট্রলারে বুড়িগঙ্গা পাড়ি দিয়ে এ সড়ক দিয়ে গন্তব্যে যান। সড়কের এ অবস্থার কারণে তাঁদের প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে।

ইডেন কলেজের শিক্ষার্থী সুমাইয়া রাখী প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করেন। তিনি বলেন, ‘রাস্তা ভাঙা থাকায় সোয়ারীঘাট থেকে রিকশার চালকেরা যেতে চান না। যাঁরা রাজি হন, তাঁরা ভাড়া বেশি চান। এ কারণে বেশির ভাগ দিনই এ পথ হেঁটে চকবাজার গিয়ে তারপর রিকশা নিই। এতে কলেজে যেতে সময় বেশি লেগে যায়।’

সোয়ারীঘাটে গাড়িতে মালপত্র নামানো-ওঠানোর কাজ করেন শরিফ মিয়া। তিনি বলেন, ‘মানুষ কত ধরনের ব্যবসায়িক কাজ করতে সোয়ারীঘাটে আসে। এ রাস্তায় নালার কাজ শুরু হইসে মাসখানেক আগে। ঈদের পর রাস্তার কাজ এখনো ধরে নাই। গর্তে গাড়িও উল্টে গেছে কয়েক দিন আগে। এ রাস্তায় আমাদের কাজ করতেও কষ্ট হয়। কবে এ কাজ শেষ হইব কে জানে!’

সোয়ারীঘাটে রানী কনফেকশনারির ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, ‘বেড়িবাঁধ উঁচু করা হয়েছে। এখন বৃষ্টি হলেই এই সড়কে পানি জমে যায়। গর্ত থাকায় এই পানি সহজে সরে না। এ কারণে এই পথে চলতে মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।’ তিনি আরও বলেন, পানি সরাতে তাঁরা দোকানের সামনের নালার স্ল্যাব কিছুটা সরিয়ে রেখেছেন। এ ছাড়া সোয়ারীঘাটের সড়কের দুর্দশা নিয়ে তাঁরা কাউন্সিলরসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে অভিযোগ করেছেন। তাঁরা দেখেও গেছেন। তবে এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি।

সোয়ারীঘাটসংলগ্ন এ সড়কের পাশে হাসান ক্লথ সেন্টার। দোকানের বিক্রয়কর্মী মো. আজাদ প্রথম আলোকে বলেন, ‘রাস্তা ভাঙা হওয়ায় কয়েক দিন আগে এ সড়কে একজন মোটরসাইকেল আরোহী পড়ে গিয়ে আহত হয়েছেন। রিকশার চাকাও গর্তে আটকে যায়।’

আরেক ব্যবসায়ী মো. আজগরের দোকানের সামনে সড়ক কাটা। তিনি বলেন, রাস্তার কাজ অসমাপ্ত থাকায় দোকানে ক্রেতা আসেন না।

গতকাল সন্তানকে নিয়ে রিকশায় চকবাজারের সোয়ারীঘাট যাচ্ছিলেন পারভীন সুলতানা নামের এক নারী। তিনি বলেন, পাশাপাশি দুটি গাড়ি যাওয়ার জায়গা নেই, তারপরও এ সড়কে বড় বড় পণ্যবাহী ট্রাক চলে। তখন এ সড়কে রিকশা চলতেও কষ্ট হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হাসান মাহমুদ বলেন, ‘সড়কটি অনেক দিন আগে থেকেই বেহাল ছিল। আমরা রোজার সপ্তাহখানেক আগে এ সড়কের সংস্কারকাজ শুরু করেছি। কাজ শেষ হতে আরও মাস দুয়েক লাগবে। এলাকাবাসীর জন্য কাজ করছি। এ কয় দিন তাঁদের এ কষ্ট তো মেনে নিতে হবে।’