কাদের মোল্লার ফাঁসিকে 'হত্যা' বলে প্রচারপত্র, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যা দেওয়া ও ফাঁসিকে ‘হত্যা’ বলে উল্লেখ করে প্রচারপত্র বিলি করার সময় গতকাল শুক্রবার সিলেট থেকে জামায়াতের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম আবদুল ওয়াহিদ জাবেদ। তিনি সিটি করপোরেশন নির্বাচনে ১৮ নম্বর ওয়ার্ড থেকে জামায়াত-সমর্থিত কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, জুমার নামাজের পর নগরের কয়েকটি মসজিদ প্রাঙ্গণে একযোগে প্রচারপত্র বিলির খবর পাওয়া গেছে। আগপাড়া জামে মসজিদের সামনে থেকে প্রচারপত্র বিলিকালে ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। মুসল্লিদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, জামায়াত-শিবিরের কর্মীরা সাধারণ মানুষজনকে বিভ্রান্ত করতেই এ তৎপরতা চালিয়েছে।
প্রচারপত্র বিলি হওয়া কয়েকটি মসজিদের মুসল্লিরা জানান, নামাজ শেষ করে বের হওয়ার সময় মুসল্লিদের হাতে ধরিয়ে দেওয়া হয়। অনেকে না বোঝেই সেটি হাতে নেন। কেউ কেউ ঘটনাস্থল থেকে সরে এসে একনজর পড়ে ছুড়ে ফেলে দিয়েছেন।
প্রচারপত্রে আওয়ামী লীগের ক্ষমতাসীন হওয়াকে ‘ডিজিটাল কারচুপির মাধ্যমে ক্ষমতা দখল’ বলে অভিহিত করা হয়। এ প্রসঙ্গে বলা হয়, ‘২০০৮ সালের ৩১ ডিসেম্বর ডিজিটাল কারচুপির মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছে। নির্বাচনের পর রাজনৈতিক কারণে যুদ্ধাপরাধ ইস্যুটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে জামায়াতের নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করে। প্রশ্নবিদ্ধ বিতর্কিত ট্রাইব্যুনালে দলীয় লোকদের দ্বারা মিথ্যা ও শেখানো সাক্ষ্য দিয়ে জামায়াতের নেতাদের বিরুদ্ধে সরকার একের পর এক ফাঁসির রায় দিচ্ছে। সরকারের এই ষড়যন্ত্রের প্রথম শিকার হন আবদুল কাদের মোল্লা।’