কাদের সিদ্দিকীর দলের ছয়জন গ্রেপ্তার
বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে অবস্থানরত কৃষক শ্রমিক জনতা লীগের ছয় নেতা-কর্মীকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে মতিঝিল থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কাদের সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী ফরিদ আহমেদ, ছাত্রনেতা কাওসার জামান খান, আলমগীর হোসেন, যুবনেতা আবদুর রাজ্জাক, টিপু সুলতান ও রোকন।
মতিঝিল থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক শামীম প্রথম আলোকে বলেন, ‘তাঁরা কাদের সিদ্দিকীর লোক কি না, জানি না। ৫৪ ধারার ক্ষমতাবলে তাঁদের রাস্তা থেকে ধরে নিয়ে আসা হয়েছে।’
সহিংস অবরোধ প্রত্যাহার ও আলোচনার মাধ্যমে জাতীয় সংকটের শান্তিপূর্ণ সমাধানের দাবিতে গত ২৮ জানুয়ারি থেকে মতিঝিলের দলীয় কার্যালয়ের সামনে নিরবচ্ছিন্ন অবস্থান করছেন কাদের সিদ্দিকী।
কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষে থেকে অভিযোগ করা হয়, গত সোমবারও পুলিশ লাল মিয়া (৬০) নামের এক প্রবীণ কর্মীকে আটক করে মিথ্যা মামলা দিয়ে আদালতে পাঠালে গত বুধবার তিনি জামিনে মুক্ত হন। ইতিপূর্বেও গভীর রাতে পুলিশ বেশ কয়েকবার অবস্থান মঞ্চ, প্যান্ডেল, বাঁশ, কাঠ, চট, কাপড় ইত্যাদি নিয়ে যায়। বারবার পুলিশি হয়রানি ও নেতা-কর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় দলটি। একই সঙ্গে গেপ্তার হওয়া ব্যক্তিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।