কানুনগোসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা
জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার এক কানুনগোসহ চারজনের বিরুদ্ধে সাড়ে ২৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের চট্টগ্রামের উপসহকারী পরিচালক মানিক লাল দাস চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় এই মামলা করেন।
মামলার আসামিরা হলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার কানুনগো শামসুল হক (বর্তমানে রাঙ্গামাটি জেলা প্রশাসনে কর্মরত), পটিয়া উপজেলার চাপড়া এলাকার বাসিন্দা আবদুল বারেক, দ্বীপকালামোড়ল এলাকার মো. কামাল আহমেদ ও লাখেরা এলাকার বাসিন্দা মো. সাইফুদ্দিন।
মামলার বাদী মানিক লাল দাস বলেন, পটিয়ায় একটি সরকারি প্রকল্পের জন্য অধিগ্রহণ করা ভূমির প্রকৃত মালিকদের গোপন করে অন্য তিনজনকে মালিক দেখিয়ে ২৩ লাখ ৫৮ হাজার ৭১৩ টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে চারজনের সংশ্লিষ্টতা পাওয়ায় মামলা করা হয়।