কানে থাকা ডিভাইসের শব্দে ধরা পড়ল জালিয়াতি

কানে ডিভাইসে বলা হচ্ছিল প্রশ্ন। সেই প্রশ্ন শুনে বাইরে থেকে বলা হচ্ছিল উত্তর। কিন্তু বিধি বাম! হুট করেই জোরে শব্দ হতে থাকে ওই ডিভাইসে। একজনের কান থেকে তো ডিভাইসটি পড়েই যায়। তাতেই পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকেরা বুঝতে পারেন পরীক্ষার্থীদের জালিয়াতি। এভাবেই ধরা পড়েন ভর্তি পরীক্ষার দুই পরীক্ষার্থী।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির সময় আজ শনিবার দুই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ বিকেলে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় তাঁদের আটক করা হয়।
ভর্তি কমিটি ও প্রশাসন সূত্রে জানা গেছে, বেলা তিনটার দিকে রাজা জিসি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ‘বি-১’ ইউনিটের পরীক্ষা দেওয়ার সময় মেহেদী হাসান (১৯) ওরফে সবুজকে জালিয়াতির অভিযোগে আটক করা হয়। আর সানোয়ার হোসেন (১৮) নামের আরেক পরীক্ষার্থীকে সিলেটের লিডিং ইউনিভার্সিটি কেন্দ্র থেকে আটক করা হয়। পরে তাঁদের দুজনকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পরে উপাচার্যের কার্যালয়ের সামনে নেওয়া হয়। এরপর করণীয় ঠিক করতে উপাচার্যের কার্যালয়ে বৈঠক করেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, ভর্তি কমিটির সদস্যসচিব মো. মহিবুল আলমসহ শৃঙ্খলা উপকমিটির কয়েকজন সদস্য। এ সময় আটক শিক্ষার্থীদের রাখা হয় উপাচার্যের কার্যালয়ের অতিথি কক্ষে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আটক মেহেদী হাসান বলেন, কানের মধ্যে রাখা ডিভাইসটি পড়ে গেলে তাঁকে আটক করা হয়। পরীক্ষা শুরুর পর ওই ডিভাইসের মাধ্যমে পরীক্ষার প্রশ্ন ও উত্তর বাইরে থেকে জালিয়াত চক্রের এক সদস্য বলে দেন। তবে ডিভাইসটিতে প্রশ্নের ছবি তুলে বাইরে পাঠানোর সুযোগ নেই।
মেহেদী আরও জানান, চাঁদপুর জেলার শোয়েব নামে এক সহপাঠীর মাধ্যমে জালিয়াত চক্রের এক সদস্যের সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রণব নামের ওই ব্যক্তি পাঁচ লাখ টাকার চুক্তিতে তাঁকে জালিয়াতিতে সহায়তা করেন।
অন্যদিকে সানোয়ার হোসেনের কানের ডিভাইসে শব্দ হলে তিনি ধরা পড়েন। সানোয়ার বলেন, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাইয়ের সঙ্গে আড়াই লাখ টাকার চুক্তি করেছিলেন।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব মো. মহিবুল আলম প্রথম আলোকে বলেন, ‘জালিয়াতির বিষয়টি শুধু এই বিশ্ববিদ্যালয়ে নয়, সারা দেশেই হচ্ছে। তবে আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করেছি। ওই পরীক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।’
সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সিলেট কোতোয়ালি থানায় মামলা করা হবে। ওই দুই পরীক্ষার্থীকে আটক রাখা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।