কানের দুলের জন্য শিশুকে হত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে সাত বছরের একটি শিশু খুন হয়েছে। এ ঘটনা ঘটেছে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর এলাকায়। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক কিশোরীকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর এলাকায় কুমার নদ থেকে আরিফা সুলতানা ওরফে পায়েল (৭) নামের ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, কানের সোনার দুলের জন্য আরিফাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
আরিফা সুলতানা কোষা গোপালপুর গ্রামের বাসিন্দা মাংসবিক্রেতা মো. নিজামউদ্দিনের মেয়ে। দুই ভাইবোনের মধ্যে আরিফা ছোট। সে স্থানীয় কোষা গোপালপুর মোয়াজ্জেম মিয়া দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
আরিফা গত শনিবার বিকেলে বাড়ির পাশে আহম্মদের বাড়িতে খেলাধুলা করতে যায়। এরপর সে নিখোঁজ হয়। ওই দিন সন্ধ্যা ও রাতে বাড়ির আশপাশে খুঁজেও তাকে পাওয়া যায়নি। গতকাল সকাল পৌনে নয়টার দিকে প্রতিবেশী আলীম মোল্লা ও রাজ্জাক মোল্লা বাড়ির ঘাটসংলগ্ন কুমার নদে গোসল করতে গিয়ে এক জোড়া পা ভাসতে দেখে এলাকাবাসীকে খবর দেন। পরে এলাকাবাসী কুমার নদ থেকে আরিফার লাশ উদ্ধার করে।
আরিফার মা সালেহা বেগম বলেন, তাঁর মেয়ের কানে ৫-৬ হাজার টাকা দামের দুল ছিল। ওই দুল নেওয়ার জন্য তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়।
আরিফার মামা আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই কিশোরী একটি মুঠোফোন কেনার জন্য আরিফার কানের দুল চুরি করে। গতকাল দুপুর ১২টার দিকে কিশোরীকে পুলিশ আটক করার পর তার নানির বাড়ি থেকে আরিফার কানের দুল উদ্ধার করে।
এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নাসির মিয়া প্রথম আলোকে বলেন, কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত আরিফার মুখে আঁচড়ের চিহ্ন রয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।