কান্নায় বিরক্ত হয়ে শিশুকে আছড়ে মারার অভিযোগ
কান্নার কারণে বিরক্ত হয়ে বরিশালে হাফিজুল শেখ নামের তিন বছরের এক শিশুকে আছড়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। নূপুর বেগম নামের ওই নারীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন শিশুটির বাবা।
শিশুটির বাবা রিপন শেখ বলেন, বানারীপাড়া উপজেলার কুন্দিহার গ্রামের বাবুল মৃধার বাড়িতে একটি কক্ষে তাঁরা ভাড়া থাকেন। বৃহস্পতিবার বিকেলে হাফিজুলকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে তার মা লাভলী বেগম বাইরে যান। এ সময় সে ঘুম থেকে উঠে কাঁদতে থাকে। কান্নার শব্দে বিরক্ত হয়ে বাবুল মৃধার স্ত্রী নূপুর বেগম পাশের কক্ষ থেকে এসে শিশুটিকে তুলে আছাড় দিলে সে সংজ্ঞাহীন হয়ে পড়ে। তার বুক ও মাথায় আঘাত লাগে। শিশুটিকে দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হাফিজুল।
রিপন শেখ বলেন, শিশুটিকে আছড়ে ফেলার ঘটনা তাঁর স্ত্রী ও আশপাশের আরও কয়েকজন দেখে ফেলেন। তখন নূপুর বেগম পালিয়ে যান।
বানারীপাড়া থানার ওসিজিয়াউল আহসান বলেন, শিশুকে আছড়ে ফেলে হত্যার অভিযোগে গতকাল শুক্রবার তার বাবা রিপন শেখ বাদী হয়ে নূপুর বেগম ও বাবুল মৃধার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে।