কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ, দুই নারীর অপমৃত্যু
রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার কাপড়ে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া গত বুধবার রাতে পৃথক স্থানে দুই নারীর অপমৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তুরাগের খালপাড় ব্রিজসংলগ্ন একটি মার্কেটের পাশ থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করেন তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। লাশটি কালো কাপড় দিয়ে মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে, কে বা কারা বুধবার রাতের যেকোনো সময় নবজাতকের লাশ ওই স্থানে ফেলে রেখে গেছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উত্তরা ১ নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কের এক বাসা থেকে ফাতেমা আক্তার (১৮) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেন বিমানবন্দর থানার এসআই মেহেদী হাসান। তিনি সাংবাদিকদের জানান, ফাতেমা ওই বাসায় চার মাস ধরে কাজ করছিলেন। বুধবার রাতে গৃহকর্ত্রী বিদেশ থেকে বাসায় আসেন। তিনি ফাতেমাকে রান্না করতে বলেন। কিন্তু ফাতেমা বাথরুমে ঢুকে আর বের না হওয়ায় পরে দরজা ভেঙে বাসার অন্য সদস্যরা দেখেন, বাথরুমের একটি লোহার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছেন ফাতেমা। পরে পুলিশে খবর দেওয়া হয়।
উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই বাসার সদস্যদের দাবি ও প্রাথমিক তদন্ত অনুযায়ী, এ ঘটনাকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তার পরও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রূপনগর থানার ৬ নম্বর সেকশনে আসমা আক্তার (২০) নামের এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন বলে রূপনগর থানার পুলিশ এবং তাঁর পরিবার জানিয়েছে। তিনি স্বামীর সঙ্গে রূপনগর এলাকায় থাকতেন। বুধবার রাতে তিনি কীটনাশক পান করে আত্মহত্যা করেন। পরে রূপনগর থানার এসআই নিয়াজ উদ্দিন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠান।