কাপাসিয়ায় দুই পক্ষের সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু
বিরোধপূর্ণ জমি নিয়ে গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা এলাকায় গতকাল সোমবার বিকেলে দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এতে পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন কাপাসিয়া উপজেলার কড়িহাতা পূর্ব পাড়া গ্রামে মৃত আবদুল হাইয়ের ছেলে জাকির হোসেন ওরফে শাকিল (৪২)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা পূর্ব পাড়া গ্রামে কবির তাঁর কেনা জমিতে সম্প্রতি সীমানাপ্রাচীর তোলেন। এতে প্রতিবেশী মুজিবুর রহমান ওই জমির মালিকানা দাবি করে গতকাল দুপুর আড়াইটার দিকে পুলিশ ও লোকজন সঙ্গে নিয়ে ওই প্রাচীর ভেঙে দিতে যান। এ সময় কবিরের লোকজন বাধা দিলে তাঁদের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় মুজিবুরের লোকজন শাকিলসহ প্রতিপক্ষের লোকজনকে এলোপাতাড়ি মারধর ও ধাওয়া করেন। এ সময় শাকিল মাটিতে লুটিয়ে পড়েন।
পরে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় শীতলক্ষ্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও মুজিবুরের লোকজনের মারধরে শাকিল নিহত হয়েছেন—এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। খবর পেয়ে কাপাসিয়া থানার ওসিসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় তাঁরা পুলিশ বহনকারী একটি মাইক্রোবাসেও হামলা চালিয়ে ভাঙচুর করেন। এলাকাবাসীর হামলায় কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ, দ্বিতীয় কর্মকর্তা এসআই মঞ্জুর দোহা ও কনস্টেবল বেলায়েত হোসেন এবং স্থানীয় কড়িহাতা ইউপির সাবেক সদস্য রাবেয়া খাতুন (৪৫), নাসিমা আক্তার (৩৫), সোহরাব হোসেনসহ (২৯) কমপক্ষে ১৫ জন এলাকাবাসী আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
নিহত শাকিলের ছোট ভাই আবদুল করিম জানান, মুজিবুরের লোকজন শাকিলকে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করেন। এ সময় তাঁদের সঙ্গে পুলিশও ছিল। তাঁরা বাড়িতে গিয়েও হামলা চালান। এ সময় তাঁদের হামলায় শাকিল ঘটনাস্থলেই মারা যান।
ওসি আহসান উল্লাহ প্রথম আলোকে জানান, জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়েই পুলিশ এলাকাবাসীর হামলার শিকার হয়। হামলায় তিনিসহ পুলিশের তিনজন আহত হয়েছে। এ ঘটনায় কেউ আটক হয়নি। গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। উভয় পক্ষের মধ্যে বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে।