কাপাসিয়ায় বৃদ্ধের ওপর অ্যাসিড নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরদৌলত খা এলাকায় মো. বাশির উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তির ওপর অ্যাসিড ছোড়া হয়েছে। গতকাল রাত ১১টার দিকে তাঁর ওপর অ্যাসিড ছোড়া হয়।

জমিজমা–সংক্রান্ত বিরোধের জের ধরে বাশির উদ্দিনের ওপর অ্যাসিড ছোড়া হয় বলে দাবি তাঁর পরিবারের। এ ঘটনার জন্য তাঁর সৎভাই মতিউর রহমান ও ভগ্নিপতি সালাম পালোয়ানকে দায়ী করেছে বাশির উদ্দিনের পরিবার।

বাশির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেনের দাবি, গতকাল রাতে তাঁর বাবা ঘরে ঘুমাচ্ছিলেন। রাত ১১টার দিকে তাঁর চাচা (বাশির উদ্দিনের সৎভাই) ও ফুফা ঘুম থেকে উঠিয়ে নিয়ে তাঁর বাবার ওপর অ্যাসিড ছুড়েছেন। রাতেই তাঁকে মূলবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আজ সকালে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। অ্যাসিডে বাশির উদ্দিনের মুখোমণ্ডল, বুক, দুই হাত, দুই পাসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে বলে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট সূত্রে জানা যায়।

বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসক অ্যাসিডে ঝলসানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুড়ে যাওয়া স্থানগুলোর ক্ষত গভীর না হওয়ায় তাঁকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় কাল কাপাসিয়া থানায় মামলা করা হবে বলে জানান আনোয়ার হোসেন।