কাপাসিয়ায় ১২ দোকান ও দুই বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিঙ্গুয়া বাজারে গত বুধবার রাতে মুদি, স্বর্ণ ও মনিহারিসহ ১২টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ওই সব প্রতিষ্ঠান থেকে ডাকাতেরা স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান মালামাল লুট করেছে। একই রাতে সিঙ্গুয়া এলাকায় আরও দুটি বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীরা জানান, সিঙ্গুয়া বাজারে গত বুধবার সন্ধ্যা থেকেই ঝড়-বৃষ্টি ছিল। ক্রেতা-বিক্রেতারা একটু আগেই দোকান বন্ধ করে বাড়ি চলে যান। তবে প্রতিদিনের মতো পাঁচজন নিরাপত্তাকর্মী ছিলেন। রাত দেড়টার দিকে ২০-১৫ জনের একটি ডাকাত দল ওই বাজারে হানা দিয়ে নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে মারধর করে ফেলে রাখে। এরপর তারা ওই বাজারের ১২টি দোকান থেকে কয়েক লাখ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিস লুট করে। ডাকাতেরা যাওয়ার সময় প্রতিটি দোকানে একটি করে নতুন তালা লাগিয়ে চলে যায়।
অন্যদিকে ওই দিন রাত ১১টার দিকে সিঙ্গুয়া বাজারের পার্শ্ববর্তী প্রায় দেড় কিলোমিটার দূরে আওয়াল মাস্টারের বাড়িতে ওই ডাকাত দল হানা দেয়। তারা বাড়ির লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ১২ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার, মোবাইল সেট ও মূল্যবান জিনিসসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে।
সিঙ্গুয়া বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, ডাকাতেরা সিঙ্গুয়া বাজারে হানা দিয়ে ১৪-১৫টি দোকানের তালা কেটে লুটপাট করে পালিয়ে যায়।