কাপাসিয়া উপজেলা ও থানা ধ্বংসের হুমকি দিয়ে চিঠি
গাজীপুরের কাপাসিয়া উপজেলা ও থানা ধ্বংসের হুমকি দিয়ে ‘জঙ্গি সংগঠন কাপাসিয়া’ পরিচয়ে চিঠি দেওয়া হয়েছে। ডাকযোগে পাঠানো ওই চিঠি আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমানের কাছে পৌঁছায়। চিঠিতে কাপাসিয়া থানার ওসিকেও সতর্কবার্তা দেওয়া হয়।
ইউএনও আনিসুর রহমান বলেন, হাতে লেখা চিঠিটি দুপুরে হাতে পেয়ে তিনি গাজীপুর জেলা শহরে চলে যান। সেখানে তিনি জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে সন্ধ্যায় তিনি এ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের জানান ও কাপাসিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি আরও বলেন, ‘চিঠিটি কাপাসিয়া পোস্ট অফিস থেকে পাঠানো হয়েছে। চিঠির খামে ১৯ জুন কাপাসিয়া পোস্ট অফিসের সিল মারা রয়েছে।
চিঠিতে বলা হয়, ‘বরাবর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাপাসিয়া। বিষয়: জঙ্গি সতর্কবার্তা। একদিন হঠাৎ করে কাপাসিয়া উপজেলা ধ্বংস হয়ে যাবে....সতর্কবার্তা দিলাম। ওপরের নির্দেশ দেওয়া হয়েছে আমাদের। বিনীত নিবেদক: জঙ্গি সংগঠন কাপাসিয়া।’
কাপাসিয়া থানার ওসি এ বি সিদ্দিক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, থানাসহ বিশেষ বিশেষ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।