কাপাসিয়ায় ঘরের মধ্যে মা-মেয়ে খুন
গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামে গত সোমবার রাতে ঘরের মধ্যে খুন হয়েছেন এক মা ও তাঁর মেয়ে। তাঁরা হলেন সূর্যি বেগম (৭৫) ও মাফিয়া বেগম (৫০)। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতের খাবার খেয়ে একটি ঘরে শুয়ে পড়েন সূর্যি বেগম ও মাফিয়া বেগম। গতকাল সকালে পরিবারের লোকজন বাইরে থেকে ডাকাডাকি করলেও ঘরের ভেতর থেকে কোনো সাড়া আসছিল না। ঘরের ভেতর তাঁরা বিছানার ওপর সূর্যি বেগমের রক্তাক্ত মরদেহ দেখতে পান। মরদেহের পাশে রক্তাক্ত দেহে গোঙাচ্ছিলেন মাফিয়া বেগম। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাফিজ উদ্দিন বলেন, ‘মাফিয়া বেগমের মাথাসহ শরীরজুড়ে অসংখ্য ধারালো অস্ত্রের গুরুতর জখম ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।’
কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোমেন সিরাজী জানান, দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে ও উপর্যুপরি ছুরিকাঘাত করে সূর্যি বেগম ও তাঁর মেয়ে মাফিয়াকে হত্যা করেছে। নিহত মা-মেয়ের মাথাসহ শরীরজুড়ে ধারালো অস্ত্রের অনেক গুরুতর জখম রয়েছে।
সূর্যি বেগমের ছেলে রুহুল আমিন জানান, তাঁর মা ও বোন একটি মাটির ঘরে থাকতেন। তাঁরা দরিদ্র ও নিরীহ মানুষ। তাঁদের সঙ্গে কারও শত্রুতা ছিল না। কী কারণে কারা নির্মম এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, ধারণাও করতেও পারছেন না তিনি।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
নিহত মা-মেয়ের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের সূর্যি বানুর স্বামী কৃষক মিয়ার উদ্দিন প্রায় ১৫ বছর আগে মারা যান। এর পর থেকে বার্ধক্যসহ নানা রোগে শয্যাশায়ী ছিলেন সূর্যি বেগম। তাঁর তিন ছেলে ও চার মেয়ে। ছেলেমেয়েরা সবাই বিবাহিত। বড় ছেলে রুহুল আমিন ও ছোট ছেলে আনোয়ার হোসেন দরিদ্র কৃষক। মেজো ছেলে মহসিন আলী দীর্ঘদিন ধরে সৌদিপ্রবাসী। বড় মেয়ে মাফিয়া বেগমের বিয়ে হলেও স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় সংসার টেকেনি। দীর্ঘ ৩০ বছর ধরে তিনি তাঁর মায়ের সঙ্গে থাকতেন। দিনমজুরি করে তিনি সংসার চালাতেন।