কাপাসিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বরুন এলাকায় আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কাজল মিয়া (৫০)। তিনি বরুন বাজারে ওষুধের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে কাজল মিয়ার সঙ্গে তাঁর ছোট ভাই রুস্তম আলীর (৪৫) বিরোধ চলছিল। রোববার সকালে বাড়ির পাশে আখ খেতে কাজ করতে যান কাজল। এ সময় রুস্তম আলী ও তাঁর ছেলে শাকিল মিয়া (১৮) খেতে গিয়ে দা দিয়ে কাজল মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। একপর্যায়ে কাজল নিজেকে বাঁচাতে হাতে থাকা কাঁচি দিয়ে আঘাত করলে রুস্তম আলীও আহত হন। খবর পেয়ে স্থানীয়রা দুই ভাইকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাজল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত রুস্তমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা বলা হয়েছে।
জানতে চাইলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এই বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।