কাপাসিয়ায় ডাকাত সন্দেহে পিটুনিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের নয়ানগর গ্রামে গত শনিবার রাতে ডাকাত সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। নিহত যুবকের (৩৫) পরিচয় পাওয়া যায়নি।
গ্রামবাসী ও পুলিশ জানায়, শনিবার রাত পৌনে ১০টার দিকে ১০-১২ জন ডাকাত মিনহাজ উদ্দিনের বাড়িতে হানা দেয়। ওই সময় মিনহাজ উদ্দিন বাড়ির পাশে একটি মসজিদে তারাবির নামাজ পড়তে গিয়েছিলেন। ডাকাত দলের সদস্যরা ঘরের দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে তাঁর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে। ওই সময় তাঁর স্ত্রী চিৎকার দিলে প্রতিবেশীরা টের পেয়ে যান। প্রতিবেশীদের ডাকে শতাধিক গ্রামবাসী বাড়ি ঘেরাও করে ডাকাত দলকে ধরার চেষ্টা করেন। তখন ডাকাত দলের সদস্যরা লুণ্ঠিত মালামাল নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী একজনকে আটক করেন। পরে তাঁরা আটক করা যুবককে গণপিটুনি দেন।
ডাকাতির খবর পেয়ে কাপাসিয়া থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম বলেন, ডাকাতির ঘটনায় মিনহাজ উদ্দিন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য ছিলেন।