কাপাসিয়ায় পুলিশের পিস্তল চুরি, এসআই বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুমন আহমেদের ভাড়া বাসা থেকে গত রোববার রাতে তাঁর পিস্তল চুরি হয়েছে। এ ঘটনায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই সুমন আহমেদ শনিবার রাতে দায়িত্ব পালন শেষে থানার পাশের ভাড়া বাসায় যান। রোববার সকাল নয়টার দিকে রেশন তোলার জন্য গাজীপুর পুলিশ লাইনসে যান তিনি। এরপর রাত ১০টার দিকে তিনি বাসায় ফিরে দেখেন, তাঁর ঘরের দরজা খোলা ও মালামাল তছনছ করা। সিন্দুকে রাখা তাঁর ব্যবহৃত পিস্তলটিও নেই। এ সময় তাঁর বাসায় কেউ ছিল না। এর দুদিন আগে তাঁর স্ত্রী-সন্তান গ্রামের বাড়িতে বেড়াতে যান। রাতেই খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, কালীগঞ্জ সার্কেলের এএসপি পঙ্কজ দত্ত, থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেন। দুটি ম্যাগাজিনে ২৪টি গুলিসহ বিদেশি পিস্তলটি চুরির ঘটনায় পুলিশ সুপার হারুন আর রশীদের নির্দেশে এসআই সুমনকে ওই রাতেই সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এদিকে বাসা থেকে পিস্তল, টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনায় এসআই সুমন বাদী হয়ে থানায় মামলা করেছেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, চুরি যাওয়া পিস্তলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।