কাপাসিয়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১
গাজীপুরের কাপাসিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে গত শনিবার প্রতিপক্ষের লোকজন পিটিয়ে মোস্তফা কামাল (৪২) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইসমাইল (৩২), ফিরোজা বেগম (৪০), রেণু আক্তার (৪০) ও নাজমা আক্তার (৩৬)।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, কাপাসিয়া উপজেলার খিরাটি মধ্যপাড়া গ্রামের সেকান্দর আলীর ছেলে মোস্তফা কামাল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। তাঁদের সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী গোলাপ মিয়ার বিরোধ ছিল। শনিবার বিকেলে মোস্তফা কামাল ওই জমির কলাবাগান থেকে কলা কাটছিলেন। এ সময় তাঁর সঙ্গে গোলাপ মিয়ার বাগ্বিতণ্ডা হয়। সেখান থেকে বাড়ি ফেরার পথে গোলাপ মিয়ার পক্ষের ১৫-১৬ জন তাঁর ওপর হামলা চালান। তাঁকে লাঠি ও বাঁশ দিয়ে এলোপাতাড়ি পেটানো হয়। স্থানীয় লোকজন তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে শনিবার রাতে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
কাপাসিয়া থানার এএসআই শওকত হোসেন বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী রীনা আক্তার বাদী হয়ে থানায় মামলা করেছেন।