কাপাসিয়ায় শিশুর গলা কাটা লাশ উদ্ধার, মা গ্রেপ্তার
গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের দিগধা গ্রামের বাড়ি থেকে গতকাল মঙ্গলবার ভোরে তিন মাসের এক শিশুর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, উপজেলার দিগধা দাখিল মাদ্রাসার শিক্ষক শরীফুল হক গতকাল ভোররাতে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। এরপর তাঁর স্ত্রী শাহিনুর বেগম তাঁর তিন মাসের ছেলে মিরসান সাবিদের গলা কেটে ফেলেন। শিশুটির চিৎকার শুনে একই কক্ষে ঘুমিয়ে থাকা তাঁর মেয়ে মালিহা আক্তার (৬) জেগে ওঠে। এ সময় মালিহা মাকে বাধা দেওয়ার চেষ্টা করলে তিনি তাকেও হত্যার ভয় দেখান। মালিহা দৌড়ে ঘর থেকে বেরিয়ে ডাক-চিৎকার শুরু করে। এ সময় পাশের ঘরে থাকা তার দাদি শরীফা খাতুন ছুটে আসেন এবং পরে বাড়ির অন্যদের ঘটনা জানান। পরে শাহিনুর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করে অচেতন হয়ে পড়েন। সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে গিয়ে শাহিনুরকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত শিশুটির বাবা শরীফুল হক বলেন, তাঁরা সুখেই ঘরসংসার করছিলেন। হঠাৎ কী কারণে এ ঘটনা ঘটল, তা তিনি বুঝতে পারছেন না।
কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ঘটনার পর থেকে শাহিনুর হাসপাতালে আছেন। এ ঘটনায় নিহতের বাবা মামলা করেছেন। মামলায় শাহিনুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি ও ওই শিশুর রক্তমাখা জামাকাপড় উদ্ধার করেছে।