কাপ্তান বাজার কমপ্লেক্সের জায়গা দখল করে দোকান ও কার্যালয়
পুরান ঢাকার কাপ্তান বাজার কমপ্লেক্সের ১ ও ২ নম্বর ভবনের মাঝে অবৈধভাবে গড়ে উঠেছে বিভিন্ন সংগঠনের কার্যালয় ও দোকানপাট। এতে নষ্ট হচ্ছে কমপ্লেক্সের পরিবেশ৷ এ ছাড়া মালামাল ওঠানো–নামানো ও মানুষের চলাচলে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা যায়, কাপ্তান বাজার কমপ্লেক্সে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের ৩৮ নম্বর ওয়ার্ড কার্যালয়, স্বেচ্ছাসেবক লীগের গুলিস্তান ইউনিট কার্যালয়, ছাত্রলীগের ৩৮ নম্বর ওয়ার্ড কার্যালয় ও জাতীয় রিকশাভ্যান শ্রমিক লীগের ৩৮ নম্বর ওয়ার্ড কার্যালয় গড়ে উঠেছে।
কাপ্তান বাজার কমপ্লেক্সের ১ ও ২ নম্বর ভবনের মাঝে রয়েছে ওই চারটি কার্যালয়। এই দুটি ভবনের মাঝে চলাচলের পথের দক্ষিণ পাশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের ৩৮ নম্বর ওয়ার্ডের কার্যালয়। গত বৃহস্পতিবার দেখা যায়, কার্যালয়ের ভেতর আড্ডা দিচ্ছেন সংগঠনটির নেতা-কর্মীরা। একই পাশে ৩৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কার্যালয় ও রিকশাভ্যান শ্রমিক লীগের ৩৮ নম্বর ওয়ার্ড কার্যালয়। আর উত্তর পাশে রয়েছে স্বেচ্ছাসেবক লীগের গুলিস্তান ইউনিটের কার্যালয় ও চারটি অস্থায়ী চায়ের দোকান। তবে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় বন্ধ দেখা গেছে৷ এ ছাড়া কার্যালয়গুলোর সামনে এলোমেলোভাবে রাখা হয়েছে মোটরসাইকেল ও রিকশাভ্যান। চারপাশে ছড়িয়ে আছে ময়লা–আবর্জনা। এসব কার্যালয় ও আবর্জনার কারণে ক্রেতারা এক ভবন থেকে অন্য ভবনে মালামাল নিয়ে চলাচলে বাধাগ্রস্ত হচ্ছেন। কমপ্লেক্সের উত্তর পাশে গুলিস্তান রোডের প্রধান ফটক বন্ধ দেখা গেছে।
কাপ্তান বাজার কমপ্লেক্সের ১ নম্বর ভবনের ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, কমপ্লেক্স নির্মাণের সময় গুলিস্তান ও নবাবপুর রোডে এই দুটি ভবনের মাঝ বরাবর পৃথক দুটি প্রবেশপথ ছিল। পরে একাধিক সংগঠনের কার্যালয় গড়ে ওঠায় তা বন্ধ হয়ে যায়। এখন এই দুটি পথ থেকে সরু গলি দিয়ে কমপ্লেক্সে চলাচল করতে হয়। কিন্তু মালামাল নিয়ে মার্কেটে চলাচল করা যায় না। এ জন্য এই পাশের দোকানগুলোতে ক্রেতারাও আসতে চান না। অবিলম্বে কার্যালয় ও দোকানগুলো সরিয়ে ফেলা দরকার।
কমপ্লেক্সের জায়গায় অবৈধভাবে কার্যালয় নির্মাণের অভিযোগ স্বীকার করেছেন ৩৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল মালেক ও রিকশাভ্যান শ্রমিক লীগের ৩৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. বাবু। তাঁরা বলেন, ১৯৯৬ সালে কোনো ধরনের অনুমতি ছাড়াই এই দুটি কার্যালয় নির্মাণ করা হয়। পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকেও তাঁদের বিরুদ্ধে কোনো আপত্তি জানানো হয়নি। একইভাবে বিভিন্ন সময় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বাকি দুটি কার্যালয় গড়ে ওঠে। তবে তাঁদের এই কার্যালয়ের কারণে মানুষের চলাচলে সমস্যা হয় না বলে দাবি করেন তাঁরা।
সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর আবু আহমেদ মন্নাফীর সঙ্গে যোগাযোগ করলে তিনি এ নিয়ে কিছু বলতে অসম্মতি জানান।
জানতে চাইলে ডিএসসিসির রাজস্ব বিভাগের উপপ্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার বলেন, নকশাবহির্ভূত অবৈধ সব স্থাপনা উচ্ছেদের জন্য সম্পত্তি বিভাগকে লিখিতভাবে জানানো হয়েছে। সম্পত্তি বিভাগ অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবস্থা নেবে।