কাপড় দেখার ছলে চুরি করতেন তাঁরা

ক্রেতা সেজে দল বেধে তাঁরা বিভিন্ন কাপড়ের দোকানে যেতেন। কাপড় দেখার ছলে কাপড় চুরি করে ফিরতেন বাসায়। দোকানের সিসিটিভিতে পরে চুরির দৃশ্য দেখতে পেলেও কিছুই করতে পারেন না দোকানিরা। তবে এ ধরনের চুরির সঙ্গে জড়িত চক্রের ছয় নারী সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল সোমবার রাতে শহরের একাধিক ভাড়া বাসায় অভিযান চালিয়েছে তাঁদের আটক করা হয়েছে। ডিবি পুলিশের দাবি, আটক নারীরা আন্তজেলা চোর চক্রের সদস্য। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই কাপড় উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা হবে ধারণা করা হচ্ছে।
আটক নারীরা হলেন লক্ষ্মীনারায়ণপুর এলাকার সেলিনা আক্তার (২৭), রোকসানা বেগম (২৫), সফিপুর এলাকার রোজিনা আক্তার (৩০), দক্ষিণ কাদিরহানিফ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোনোয়ারা বেগম (৩৫), পৌরসভার ওয়ার্ডের মধুপুর এলাকার জুলেখা বেগম (৩৮), জেসমিন আক্তার (৩৮)। এ সময় নারী আন্তজেলা চোর চক্রের সহযোগী সিএনজিচালিত অটোরিকশাচালক জহির আহম্মেদকেও (৫৫) আটক করে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) কামরুজ্জামান সিকদার প্রথম আলোকে বলেন, আটককৃতরা দল বেঁধে ক্রেতা সেজে বিভিন্ন দোকানে গিয়ে চুরি করতেন। এভাবে তাঁরা তাদের সিন্ডিকেটের মাধ্যমে ব্যাপক চুরির ঘটনা ঘটিয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে শহরের বিভিন্ন বাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। এ ঘটনায় আটক ছয় নারী ও সহযোগীর বিরুদ্ধে সুধারাম থানায় মামলা করা হয়েছে।