কাপড়ের রং আর পচা ডিমে হতো কেক-বিস্কুট

কাপড়ের রং আর পচা ডিম—এসবই ছিল কেক ও বিস্কুট তৈরির উপকরণ। কারখানার পরিবেশও ছিল নোংরা ও অস্বাস্থ্যকর। এই কেক-বিস্কুট বিক্রি করত রাজধানীর কদমতলী এলাকার আশা ফুড প্রোডাক্টস, হক বেকারি অ্যান্ড সুইট ও মণি ফুড প্রোডাক্টস নামের তিনটি বেকারি।
আজ মঙ্গলবার র্যাব-১০-এর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বেকারি তিনটির কারখানা থেকে বিপুল পরিমাণ কাপড়ের রং ও পচা ডিম উদ্ধার করে। দেড় ঘণ্টার অভিযান শেষে আশা ফুড প্রডাক্টস ও হক বেকারি অ্যান্ড সুইটের মালিক নাসির হেলালকে দুই লাখ টাকা এবং মণি ফুড প্রোডাক্টসের মালিক শহিদুল্লাহকে এক লাখ টাকা জরিমানা করেন র্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলম।

সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, ক্রিম কেক ও বিস্কুট আকর্ষণীয় করতে এসব বেকারির কারখানায় কাপড়ের রং মেশানো হতো। এসব রং মানবদেহের জন্য ক্ষতিকর। অভিযানে নয়টি কাপড়ের রঙের ক্যান ও অর্ধশত পচা ডিম উদ্ধার করা হয়। প্রতিটি ক্যানের ওজন পাঁচ কেজি। এ ছাড়া বাজার থেকে আনা ভাঙা ডিম কেক ও বিস্কুটে মেশানো হতো। দই ও মিষ্টি তৈরির সময় হক বেকারির কর্মচারীরা হাতে কোনো গ্লাভস ব্যবহার করতেন না। এসব অপরাধে বেকারির মালিকদের মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।