কাফনের কাপড় পাঠিয়ে মেয়রকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর পৌরসভার মেয়র মোতাছিম বিল্লাহকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ব্যাপারে মেয়র মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মুঠোফোনে মোতাছিম বিল্লাহ প্রথম আলোকে জানান, আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি পৌর কার্যালয়ে যান। এ সময় তাঁর একান্ত সহকারী শেফালি খাতুন চিঠির ফাইল দেন। ফাইলের মধ্যে থাকা চিঠিগুলো খুলে পড়তে থাকেন তিনি। এর মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা একটা চিঠিতে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
চিঠিতে প্রেরকের জায়গায় রনি, ঝিগাতলা, ধানমন্ডি, ঢাকা লেখা রয়েছে। ওই চিঠির ভেতরে একটি সাদা কাফনের কাপড় রয়েছে। চিঠিতে লেখা হয়েছে, ‘মেয়র এবারই শেষ ঈদ। ঈদের দিন ঈদগাহ ময়দানে হত্যা করা হবে।’
ঘটনার পরপরই মেয়র নিরাপত্তা চেয়ে মেহেরপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, জিডি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।