কাফরুলের একটি বাসা থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাফরুলের একটি বাসা থেকে মানুষের ৩২টি মাথার খুলি এবং কয়েকটি কার্টনে ভরা শরীরের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাফরুলের ইটখোলা বাজার এলাকার একটি ছয়তলা বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে এই খুলি ও হাড় উদ্ধার করা হয়।

ভবনের অন্য বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে বাড়িটিতে অভিযান চালায় পুলিশ। এ ঘটনায় কামরুজ্জামান নামে ওই বাসার এক বাসিন্দাকে আটক করা হয়েছে।

বাড়ির মালিক ইলিয়াস সাইফুল্লাহ বলেন, কামরুজ্জামান নিজেকে নুরুজ্জামান পরিচয় দিয়ে এক মাস আগে বাসা ভাড়া নেন। তিনি নিজেকে সলিমুল্লাহ মেডিকেল কলেজের চিকিৎসক পরিচয় দেন। পুরান ঢাকায় তাঁর কেমিক্যালের ব্যবসা রয়েছে বলেও তিনি জানান। গতকাল দুপুরের দিকে তৃতীয় তলার এক বাসিন্দা ওই বাসার সামনে দিয়ে যাওয়ার সময় জোরে হাতুড়ি দিয়ে কিছু পেটানোর শব্দ পান। বাসাটি থেকে দুর্গন্ধও বের হচ্ছিল। তিনি তখন দরজায় কড়া নাড়েন। বেশ কয়েকবার কড়া নাড়ার পরও দরজা না খোলায় পরে বাড়ির অন্য বাসিন্দারাও সেখানে যান। কামরুজ্জামান তখন দরজা খোলেন। এরপর বাড়ির ভেতরে গিয়ে তাঁরা অনেকগুলো কার্টনে মানুষের মাথার খুলি, হাত ও পায়ের হাড় দেখতে পান। কিছু জিনিস মেঝেতেও পড়ে ছিল। বিষয়টি তখন তারা পুলিশকে জানান।

সাইফুল্লাহ বলেন, কার্টন নিয়ে লোকটিকে আসতে দেখা গেছে, কিন্তু কখনো সন্দেহ হয়নি। তাঁর সঙ্গে আরও দুজন কর্মচারী ছিলেন। তবে তাঁদের এখন পাওয়া যাচ্ছে না। পুলিশের ভাড়াটিয়া তথ্য ফরমে তাঁর সব তথ্য দেওয়া আছে।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম প্রথম আলোকে বলেন, কামরুজ্জামান নিজেকে ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের শেষ বর্ষের ছাত্র বলে পরিচয় দিয়েছেন। শাহিন ও রুবেল নামে তাঁর দুই সহকারীও তাঁর সঙ্গে থাকতেন। পুলিশ আসার খবর পেয়ে তাঁরা পালিয়ে গেছেন। তবে কঙ্কালগুলো কোথা থেকে, কী কারণে তিনি সংগ্রহ করেছেন, সে বিষয়ে এখনো জানা যায়নি।

এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেনাবেচার জন্য ওই বাড়িতে কঙ্কাল মজুত করা হয়েছিল।