কাবিখার টাকা খাবি, খা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাবিখা প্রকল্পের তালিকা হয়েছে। প্রকল্প অনুমোদন হয়নি। এরই মধ্যে ভালো কাঁচা রাস্তা কেটেছেঁটে এবং শেষে ট্রাক্টর দিয়ে চষে দুটি প্রকল্প আগাম বাস্তবায়ন করা হচ্ছে। এ কারণে রাস্তা দুটি দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। ঘটনাটি রংপুরের বদরগঞ্জ উপজেলার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ১০ নভেম্বর আওয়ামী লীগের সাংসদ আহসানুল হক চৌধুরীর অনুকূলে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে (কাবিখা) উপজেলায় ২০০ টন চাল বরাদ্দ আসে। প্রকল্প গ্রহণ করা হয় ২৫টি। পিআইও প্রকল্পগুলো অনুমোদনের জন্য ১৮ নভেম্বর রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠিয়েছেন। এখনো তা অনুমোদন হয়ে আসেনি।
২৫ প্রকল্পের দুটি হচ্ছে রাধানগর ইউনিয়নের দিলালপুর সর্দারপাড়ার বটতলা থেকে সরকারপাড়া দুর্গামন্দির পর্যন্ত রাস্তায় মাটি ভরাট এবং একই ইউনিয়নের নাহারীপাড়া মসজিদ থেকে ছকবাদের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তায় মাটি ভরাট। দুটি রাস্তায় দুই কিলোমিটারের জন্য চাল বরাদ্দ করা হয়েছে ১৬ টন। প্রকল্প দুটির সভাপতি ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুবক্কর সিদ্দিক। তিনি সম্প্রতি জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগদান করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, ২২ নভেম্বর থেকে প্রকল্প দুটির আগাম কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে নাহারীপাড়া মসজিদ থেকে ছকবাদের বাড়ি পর্যন্ত প্রকল্পভুক্ত ভালো রাস্তাটিতে মাটি ভরাটের নামে ট্রাক্টর দিয়ে চষে ফেলা হয়েছে। চষা রাস্তার ওপরের কিছু ঝুরা মাটি রাস্তার দুই ধারে নিয়ে ফেলা হয়েছে।
দিলালপুর প্রধানপাড়া গ্রামের যুবক হাফিজার রহমান অভিযোগ করে বলেন, কাঁচা হলেও রাস্তাটি ভালো ছিল। যাতায়াতে তেমন কোনো সমস্যা হতো না। দুই দিন আগে ট্রাক্টর দিয়ে হঠাৎ রাস্তাটিতে চাষ দেওয়া হয়েছে। এতে মাটি আলগা হওয়ায় ধুলাবালুর কারণে এখন রাস্তাটি দিয়ে চলাচল করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।
এলাকার দুই ব্যক্তি জানান, এক কিলোমিটার দূরে আরও একটি ভালো রাস্তাও কোদাল দিয়ে কুপিয়ে মাটি আলগা করা হচ্ছে। সেখানে গিয়ে এ তথ্যের সত্যতাও মেলে। জানতে চাইলে শ্রমিক জাহিদুল হক (৪৫) বলেন, ‘বক্কর মেম্বার (আবুবক্কর সিদ্দিক) ও আওয়ামী লীগের নেতা আনিছুল হক রাস্তার দুই পাশের ঘাস ও রাস্তার ওপরের মাটি কোদাল দিয়ে কাটতে বলেছেন। ভালো রাস্তাটি কাটতে আমারও কষ্ট লাগছে।’
অভিযোগ সম্পর্কে আবুবক্কর সিদ্দিক বলেন, ‘সরকারি মালের কাজ-কাম কী হয়, সেটা তো সবাই জানে। আপনার সঙ্গে পরে দেখা করব।’ ট্রাক্টর দিয়ে রাস্তা চষে দেওয়া প্রসঙ্গে বলেন, ‘আমি শ্রমিকদের রাস্তায় মাটি ভরাট করে দেওয়ার চুক্তি দিয়েছি। তাঁরা এটা করবে কেন?’
আবুবক্কর সিদ্দিক বলেন, একটি প্রকল্পের (দিলালপুর সর্দারপাড়ার বটতলা থেকে সরকারপাড়া দুর্গামন্দির পর্যন্ত) চাল তুলে রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুল হককে দিতে হবে। বিধি অনুযায়ী তিনি প্রকল্পের সভাপতি হতে না পারায় আমাকেই করা হয়েছে। তবে এখনো প্রকল্পের ডিও হাতে পাইনি।’ তাহলে কাজ করছেন কীভাবে—জানতে চাইলে তিনি বলেন, ‘পিআইও সাহেব রাস্তা দুটি মেপে আমাকে আগাম কাজ করার অনুমতি দিয়েছেন।’
আনিছুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এমপি মহোদয় দলের খরচ চালাতে একটি প্রকল্প আমাকে দিয়েছেন।’ ট্রাক্টর দিয়ে রাস্তা চষা প্রসঙ্গে বলেন, ‘আমি তো এসব বলতে পারব না। মেম্বার সাহেব জানে।’
উপজেলার এলজিইডির উপসহকারী প্রকৌশলী আহসান হাবিব বলেন, ‘রাস্তা খোঁড়াখুঁড়ি করে মাটি আলগা ও দুই ধারের ঘাস তুলে ফেলা হলে তো সামনে বর্ষায়ই রাস্তা সহজেই ভেঙে নষ্ট হয়ে যাবে।’
পিআইও মিজানুর রহমান বলেন, ধান কাটার পর কৃষকেরা পুনরায় জমিতে ফসল লাগালে রাস্তার ধারে মাটি পাওয়া যাবে না। এ কারণে প্রকল্প বাস্তবায়নে রাস্তা দুটিতে আগাম মাটি কাটতে বলা হয়েছে। মেম্বার যত অনিয়ম করুক না কেন, কাজ দেখে ডিও ছাড় দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘জেলা থেকে প্রকল্প অনুমোদন হয়ে আসার পর উপজেলায় সভা হবে। তার আগে কোনোভাবেই প্রকল্পের কাজ করার সুযোগ নেই। যদি এটা হয়ে থাকে তাহলে ওই দুই প্রকল্প বাতিল করা হবে।’