কিশোরগঞ্জের কটিয়াদী পৌর শহরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক একরের চেয়ে বেশি জায়গায় পুকুর ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সাংসদ সেখানে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড নির্মাণের উদ্দেশ্যে পুকুরটি ভরাট করতে যাচ্ছেন। এ কাজে গরিব মানুষের জন্য সরকারের কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্প থেকে বরাদ্দ নিয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, অটোরিকশার স্ট্যান্ডের কথা বলা হলেও পুকুর ভরাটের পরে ওই স্থানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা হবে। সেখানে জায়গা পেতে এরই মধ্যে সাধারণ ও নেতা-কর্মীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন।
কটিয়াদী বাসস্ট্যান্ড লাগোয়া পুকুরটির এক পাশে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক। অন্য তিন পাশ ঘেঁষে রয়েছে কটিয়াদী-মঠখোলা ও উপজেলা পরিষদের সড়ক। পুকুরটি সওজের ভৈরব উপবিভাগের।
১৩ আগস্ট সরেজমিনে দেখা গেছে, পুকুরের চারপাশে দোকানপাট রয়েছে। পুকুরে মাছ চাষ করা হয় না। ভরাটের জন্য এক কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদে খননযন্ত্র বসানো হয়েছে। পাইপ বসানোর কাজ চলছে। এতে নেতৃত্ব দিচ্ছেন খননকাজের সমন্বয়ক মো. মাসুদ নামের এক ব্যক্তি।
গতকাল শুক্রবার মুঠোফোনে জানতে চাইলে মাসুদ প্রথম আলোকে বলেন, ‘সাংসদ আমাদের কাজ দিয়েছেন। দুই-এক দিনের মধ্যেই পুকুর ভরাটের এ কাজ শুরু করা হবে।’
এদিকে নাম প্রকাশ না করার শর্তে সওজ ভৈরব উপবিভাগের একাধিক কর্মকর্তা বলেন, অনুমোদন চেয়ে এই বিষয়ে (পুকুর ভরাট) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন করার তথ্য তাঁদের কাছে নেই।
কাবিটার ১১ লাখ টাকা বরাদ্দ নিয়ে সাংসদ পুকুর ভরাটের এ উদ্যোগ নিয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। তবে শহরের প্রাণকেন্দ্রের পুকুরটি ভরাট করা হলে সমস্যা হবে কি না, এমন প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
এ বিষয়ে ১৪ আগস্ট মুঠোফোনে জানতে চাইলে সাংসদ সোহরাব উদ্দিন সওজের ওই পুকুর ভরাটের উদ্যোগ নেওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমি জনগণের প্রতিনিধি। জনগণের ভালোমন্দ আমাকেই বুঝতে হবে। কটিয়াদী বাসস্ট্যান্ডের ব্যস্ততা বাড়ছে। শত শত অটোরিকশা চলাচল করে। কিন্তু দাঁড়ানোর স্থান নেই। অটোরিকশার স্ট্যান্ড করার জন্যই পুকুর ভরাট পরিকল্পনা করা হয়েছে। এখানে ব্যক্তিগত লাভালাভের চিন্তা করা হয়নি।’
সওজ থেকে অনুমোদন নিয়ে করছেন কি না, জানতে চাইলে সাংসদ বলেন, ‘লিখিতভাবে না নিলেও মৌখিকভাবে জানানো হয়েছে। তাঁরা অনুমোদন দিয়েছেন।’ পুকুর ভরাটের পরে সেখানে কোনো বাণিজ্যিক স্থাপনা নির্মাণের পরিকল্পনার খবরের বিষয়ে জানতে চাইলে সাংসদ বলেন, ‘না। ওখানে অটোস্ট্যান্ডই করা হবে।’
সওজের জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, বিষয়টি মৌখিকভাবে তাঁকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, ‘পুকুরটি এখন আর আমাদের দরকার নেই। জনস্বার্থে ব্যবহার করা গেলে যেতে পারে। সাংসদ জনস্বার্থে ব্যবহার করার কথা বলেছেন। এ জন্য আমরা নীরব আছি। তবে স্থাপনা করা হলে আমি নিজে গিয়ে ভেঙে দেব।’
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে (২০১০ সালের ৫০ নম্বর আইন) বলা আছে: আপতত বলবৎ অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট বা অন্য কোনোভাবে শ্রেণি চিহ্নিত করা যাবে না। তবে, শর্ত থাকে যে, অপরিহার্য জাতীয় স্বার্থে অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণক্রমে জলাধার-সম্পর্কিত বাধানিষেধ শিথিল করা যেতে পারে।
পুকুর ভরাটের মৌখিক অনুমতি দেওয়া যায় কি না, এমন প্রশ্নে নির্বাহী প্রকৌশলী শফিকুল বিব্রতবোধ করেন।