কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি : ১৪১ সিলিন্ডার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাভার্ড ভ্যানযোগে অবৈধভাবে গ্যাস বিক্রি করার সময় ১৪১টি গ্যাসের সিলিন্ডার জব্দ করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দবাড়ি এলাকায় কাভার্ড ভ্যানে রক্ষিত এসব গ্যাস সিলিন্ডার থেকে বিভিন্ন গাড়িতে গ্যাস বিক্রি করা হচ্ছিল।

নির্বাহী হাকিম মো. ফোরকান এলাহি অনুপম অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কর্মকর্তা এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

ফোরকান এলাহি অনুপম জানান, একটি কাভার্ড ভ্যানে গ্যাসভর্তি সিলিন্ডার নিয়ে সৈয়দবাড়ি এলাকায় বিভিন্ন সিএনজিচালিত অটোরিকশা এবং গাড়িতে গ্যাস বিক্রি করা হচ্ছিল। এটি কোনোভাবেই অনুমোদিত নয়। সিএনজিচালিত পাম্প থেকে না নিয়ে এভাবে অবৈধভাবে গ্যাস নেওয়া হচ্ছিল। যেকোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। ওই অভিযানে ১৪১টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। পাশাপাশি কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কের পাশেই গাড়ি দাঁড় করিয়ে এই গ্যাস বিক্রি চলছিল। তবে আদালতের উপস্থিতি টের পেয়ে এর সঙ্গে জড়িত লোকজন পালিয়ে যায়।

এর আগে গত বুধবার একই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে গ্যাস বিক্রির অপরাধে দুজনকে গ্রেপ্তার করে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। ওই দিন ১৫১টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছিল।

আজ শুক্রবার জব্দ করা গ্যাস সিলিন্ডারগুলো কেজিডিসিএলকে দেওয়া হয়েছে। এগুলো ধ্বংস করা হবে কি না, সে বিষয়ে বিস্ফোরক অধিদপ্তরের প্রতিনিধির সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। জানতে চাইলে অভিযানে অংশ নেওয়া কেজিডিসিএলের উপসহকারী প্রকৌশলী সৈয়দ মোরশেদ উল্লাহ বলেন, লোহা কাটার সময় যেসব গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়, ওই ধরনের বড় বড় সিলিন্ডারে করে গ্যাস বিক্রি করার সময় ১৪১টি সিলিন্ডার জব্দ করা হয়েছে। এভাবে গ্যাস বিক্রি করা বিপজ্জনক। এটি অনুমোদনহীন। যেকোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে।