কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে একজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে মো. জসিম (৩৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। চিকিৎসার জন্য গতকাল শুক্রবার ভোরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনে পুলিশ।

 কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বলেন, দুই গ্রুপের মারামারিতে একজন আহত হয়েছেন। কীভাবে, কী নিয়ে মারামারি হয়েছে, তা জানা যায়নি।

ঘটনা সম্পর্কে কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার ফরিদ আহমেদ বলেন, কয়লাঘাট এলাকায় পরিবারসহ থাকেন জসিম। বাসা থেকে একটু দূরে একই এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে জসিমকে ছুরিকাঘাত করা হয়। পরে দৌড়ে তিনি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের বাসার পাশে এসে পড়ে যান। ভোর চারটার দিকে পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জসিমের ডান কানের নিচে, কপালের বাঁ দিকে ও ডান হাতের একটি আঙুলে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আহত অবস্থায় জসিম স্থানীয় কয়েকজনের নাম বলেছেন। তবে তারা কেন জসিমকে মারধর করেছে, এত রাতে জসিম কেন বাসা থেকে সেখানে গিয়েছিলেন, তা জানা যায়নি। এসআই জানান, জসিমের শারীরিক অবস্থা উন্নতির দিকে। আরেকটু সুস্থ হলে তাঁর কাছ থেকে বিস্তারিত জানা যাবে।

এ ব্যাপারে গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। থানার ওসি বলেছেন, অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।