কামরাঙ্গীরচরে নারীর লাশ উদ্ধার, গ্রেপ্তার ২
ঢাকার কামরাঙ্গীরচরের নয়াগাঁও এলাকার একটি ফ্ল্যাটের শোবার ঘর থেকে এক গৃহবধূর হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার ওই লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত গৃহবধূ হলেন নার্গিস আক্তার (৩০)। পরিবারের দাবি, যৌতুক না পেয়ে স্বামী ও তাঁর পরিবারের লোকজন পরিকল্পিতভাবে নার্গিসকে হত্যা করেছেন। নার্গিসের বড় ভাই সবুজ বাদী হয়ে বোনের স্বামী ইব্রাহিম (৩৮) এবং তাঁর দুই ভাই কামাল মোল্লা (২৬) ও হেলাল মোল্লার (৩০) নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।
সাত তলার ওই ফ্ল্যাটের বাসিন্দা শাহিদা হক বলেন, গত অক্টোবর মাসে ইব্রাহিম মোল্লা তাঁর স্ত্রী নার্গিস ও ছেলে ইফাদকে নিয়ে বাসা ভাড়া নেন। শনিবার রাতে ইফাদ প্রতিবেশীর ঘরের দরজার সামনে কান্নাকাটি করছিল। পরে অন্য বাসিন্দারা ইব্রাহিমের ঘরে ঢুকে শোবার কক্ষে নার্গিসের লাশ দেখতে পান।
নার্গিসের ভাই মো. সবুজ অভিযোগ করেন, যৌতুক না পেয়ে ইব্রাহিম ও তাঁর পরিবারের লোকজন পরিকল্পিতভাবে নার্গিসকে হত্যা করেছেন।
কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) শাকের মোহাম্মদ জুবায়ের বলেন, লাশের মুখে ও গালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।