কামরাঙ্গীরচরে বিকাশ কর্মীকে গুলি, দুই লাখ টাকা ছিনতাই
রাজধানীর কামরাঙ্গীরচরে গতকাল মঙ্গলবার সকালে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের বিক্রয়কর্মী সোহাগ হোসেন ওরফে অনিককে গুলি করে প্রায় দুই লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন সোহাগ বলেন, তিনি সাভারে থাকেন। পেশাগত কাজে সকাল সাড়ে ১০টার দিকে তিনি কামরাঙ্গীরচরের খলিল সরকার মার্কেটে যান। সেখানে কাজ সেরে বের হওয়ার পর দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। তাঁর কাছে থাকা টাকার ব্যাগ কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করে। তাতে বাধা দিলে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। গুলি তাঁর ডান পায়ে লাগে। এ সময় চার দুর্বৃত্ত ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে প্রায় দুই লাখ টাকা ছিল বলে দাবি করেন সোহাগ।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মো. তারেক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ থানায় অভিযোগ করতে যাননি। লুট হওয়া টাকা উদ্ধারে চেষ্টা চলছে।