কামরাঙ্গীরচরে ভেষজ ওষুধ ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামরাঙ্গীরচরে গতকাল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা বাচ্চু মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। তিনি ভেষজ ওষুধ ব্যবসা করতেন।
নিহত ব্যবসায়ীর পারিবারিক সূত্র জানায়, বাচ্চু মিয়া সপরিবারে কামরাঙ্গীরচরে হাফেজ্জী হুজুরের মাদ্রাসার পেছনে থাকতেন। গতকাল রাতে লালবাগের কেল্লার মোড় থেকে তাঁর ‘হারবাল ওষুধ’ নামের দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। বাচ্চু বাসার কাছে পৌঁছামাত্র অজ্ঞাত সন্ত্রাসীরা তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বাচ্চু চার সন্তানের জনক ছিলেন।
বাচ্চু মিয়ার প্রথম স্ত্রী রিনা বেগম হাসপাতালে প্রথম আলোকে বলেন, তাঁর স্বামীর চিৎকার শুনে বাসার বাইরে এসে দেখেন, তিনি মাটিতে লুটে পড়ে গোঙাচ্ছেন। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
রিনা বেগম জানান, তাঁর স্বামীর সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। কারা কেন তাঁর স্বামীকে হত্যা করেছে তা তিনি জানেন না। তাঁর সতিন একই মহল্লায় থাকেন।
রাতে যোগাযোগ করা হলে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলম হত্যার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ঘটনার তদন্ত চলছে।
বাসের চাপায় প্রাণ গেল কিশোরের: গতকাল বৃহস্পতিবার রাতে গুলিস্তান পাতাল মার্কেটের কাছে মিডওয়ে পরিবহনের একটি বাসের চাপায় রুহুল আমিন (১৫) নামের এক কিশোর প্রাণ হারিয়েছে। সে গুলিস্তানে পটুয়া স্যানিটারি নামের একটি দোকানের কর্মচারী।
পুলিশ জানায়, রাত আটটার দিকে দোকান থেকে বাসায় ফেরার জন্য রাস্তা পার হওয়ার সময় মিডওয়ে পরিবহনের একটি বাস রুহুল আমিনকে চাপা দেয়। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে রুহুল মারা যায়। মা-বাবার সঙ্গে সে মানিকনগরের আউটফল বস্তিতে থাকত। তার বাবার নাম আলমগীর হোসেন।
মতিঝিল থানার পুলিশ জানায়, চালক বাসটি নিয়ে পালিয়ে গেছে।