কামরাঙ্গীরচরে রনি মার্কেটের ৩৫ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরের বাণিজ্যিক ও আবাসিক ভবন রনি মার্কেটে বিদ্যুৎ চুরির অভিযোগে ৩৫ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) বিশেষ টাস্কফোর্স। গতকাল সোমবার অভিযান চালিয়ে ভবনটির অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকায় পরিচিত বাণিজ্যিক ভবন রনি মার্কেট। দশতলা এ ভবনে দুটি ব্যাংক, দুটি ইনস্যুরেন্স কোম্পানি, কারখানা, বিপণিবিতানসহ আবাসিক ফ্ল্যাট রয়েছে। ওই মার্কেটে এলাকার প্রভাবশালী রাজনীতিকদেরও বাণিজ্যিক ও রাজনৈতিক কার্যালয় রয়েছে। ভবনটির মালিক মাহমুদুল হক খান ওরফে রনি।
ডিপিডিসির বিশেষ টাস্কফোর্সের প্রধান মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, গতকালই জরিমানার অর্ধেক টাকা আদায় করা হয়েছে। তিনি বলেন, এ ভবনে ব্যবহৃত তিনটি মিটারকে পাশ কাটিয়ে বিদ্যুৎ চুরি করা হচ্ছিল। মিটার এড়িয়ে সরাসরি লাইন থেকে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল, যার কোনো বিল মিটারে দেখাত না। ভবনের একটি তালাবদ্ধ কক্ষে গোপনে মিটারের তিনটি ফেজেই সার্ভিস তার কেটে এই চুরি করা হচ্ছিল। এ পদ্ধতিতে ভবনটিতে ব্যবহৃত বিদ্যুতের মাত্র ৪০ শতাংশ মিটারে রেকর্ড হচ্ছিল, বাকিটা চুরি। প্রাথমিক হিসাবে এখানে ১ লাখ ১৩ হাজার ইউনিট বিদ্যুৎ চুরি করা হয়েছে, যার আর্থিক মূল্য ৩৫ লাখ টাকা।
মুনীর চৌধুরী বলেন, টাস্কফোর্সের অভিযানের পর দুপুরে ভবন মালিক মাহমুদুল হক খানকে বিদ্যুৎ ভবনে ডিপিডিসির কার্যালয়ে হাজির হতে বলা হয়। এখানে মাহমুদুল হক আত্মসমর্পণ করে ভবিষ্যতে বিদ্যুৎ চুরি করবেন না বলে লিখিত অঙ্গীকার করেন।
মুনীর চৌধুরী বলেন, বিদ্যুৎ চুরি ধরতে এরপর রাতেও অভিযান চালাবে টাস্কফোর্স। এরপর শুধু জরিমানা নয়, মামলা দায়ের করে কারাগারে পাঠানোর পদক্ষেপ নেওয়া হবে।