কামরাঙ্গীরচরে শিশু ধর্ষণের অভিযোগ
রাজধানীর কামরাঙ্গীরচরে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবদুর রহিম (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় আজ শনিবার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শিশুটির মা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পাশের ঘরের বাসিন্দা রহিম তাঁর মেয়েকে ধর্ষণ করেন। পরে এ কথা না বলতে মেয়েকে ভয়ভীতি দেখান রহিম। তিনি বলেন, শুক্রবার অসুস্থ হয়ে পড়লে শিশুটি তার মা-বাবাকে ঘটনাটি জানায়। আজ বেলা ১১টার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেলে আনা হয়। বেলা আড়াইটার দিকে তাকে ওসিসিতে ভর্তি করা হয়।
পরিবারের বরাত দিয়ে কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম প্রথম আলোকে বলেন, বিস্কুট খাওয়ানোর কথা বলে পাশের ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির পরিবার মামলা করেছে। আবদুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহিম ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন।