কামরাঙ্গীরচরে স্কুলছাত্রকে মারধর
বিজয় দিবসের উৎসব থেকে ফেরার পথে কামরাঙ্গীরচরে এক স্কুলছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। পরিবারের অভিযোগ, ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে স্থানীয় বখাটেরা এ ঘটনা ঘটিয়েছে। আহত পারভেজ হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সে কামরাঙ্গীরচরের আলোড়ন স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক পরীক্ষার্থী।
পারভেজের বাবা কামাল হোসেন বলেন, ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসকে কেন্দ্র করে এক মাস আগে স্থানীয় বখাটেদের সঙ্গে পারভেজের কথা-কাটাকাটি হয়। তখন স্থানীয় মুরব্বিরা বিষয়টির মীমাংসা করে দেন। এরপর গতকাল ভোরে ওই বখাটেরা পারভেজকে রড দিয়ে পিটিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তিনি বলেন, চরের কাঠপট্টি মোড়ে তাঁদের বাসা। বাসা থেকে বৃহস্পতিবার বিকেলে পারভেজ তাঁর বন্ধুদের সঙ্গে আলোড়ন স্কুলে যায়। বিজয় দিবস উপলক্ষে স্কুলে বিভিন্ন কর্মসূচি ছিল। কর্মসূচির প্রস্তুতির কাজ শেষ করে ভোরের দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে বাসায় ফিরছিল। বাসা থেকে একটু দূরে রনি মার্কেটের কাছে এলে বখাটেরা তাকে মারধর করে। পারভেজকে বাঁচাতে গিয়ে তার দুই বন্ধুও আহত হয়। মারধরের পর পারভেজ জ্ঞান হারালে বখাটেরা চলে যায়। পরে পারভেজের বন্ধুরাই তাকে হাসপাতালে নিয়ে যায় ও পরিবারের কাছে খবর দেয়।