কামরুলকে গ্রেপ্তারে ইন্টারপোলের নোটিশ
সৌদি আরবে আটক শিশু শেখ মো. সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা মামলার আসামি কামরুল ইসলামকে গ্রেপ্তারে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। ঢাকায় ইন্টারপোলের শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকায় এনসিবির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কামরুলের বিরুদ্ধে দায়ের করা মামলার কপিসহ যাবতীয় কাগজপত্র আরবিতে অনুবাদ করে পাঠানো হচ্ছে। রিয়াদ এবং বাংলাদেশ এনসিবির মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে। যত দ্রুত সম্ভব তাঁকে দেশে ফিরিয়ে আনা হবে।
৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে রাজনকে পিটিয়ে হত্যার পর সৌদি আরব চলে যান কামরুল। খবর শুনে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় জেদ্দায় তাঁকে আটক করা হয়।
এ মামলায় পুলিশ কামরুলের ভাই মুহিত আলমসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।