কামারখন্দে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় স্বামীর বিরুদ্ধে যৌতুক না দেওয়ায় রুকসানা খাতুন (৩০) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার জামতৈল ইউনিয়নের কুড়া উদয়পুর গ্রামে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী আবদুল হামিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রুকসানা উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের বিয়ারা গ্রামের দেলাল হোসেনের মেয়ে ও কুড়া উদয়পুর গ্রামের সবদের আলীর ছেলে হামিদের স্ত্রী।
জামতৈলের ইউপি সদস্য আবদুল গনি ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ বছর আগে হামিদের সঙ্গে রুকসানার বিয়ে হয়। বিয়ের পর তাঁদের সংসারে একটি কন্যাসন্তানের জন্ম হয়। এর কিছুদিন পর স্ত্রীর কাছে এক লাখ টাকা যৌতুক হিসেবে দাবি করেন হামিদ। যৌতুকের টাকা দিতে স্ত্রীর পরিবার অস্বীকার করায় মাঝেমধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকত। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার মুরব্বিরা সালিস বৈঠকও করেছেন। একপর্যায়ে হামিদ গত শুক্রবার রাতে নিজ ঘরে নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রুকসানাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা হিসেবে প্রচারণা চালান। এ সময় স্থানীয় লোকজন হামিদকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ এসে হামিদকে থানায় নিয়ে যায়। পরে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে রুকসানার লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
রুকসানার বাবা দেলাল হোসেন বলেন, ‘বিয়ের কিছুদিন পর থেকেই হামিদ এক লাখ টাকা যৌতুক হিসেবে দেওয়ার জন্য চাপ দেয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে মাঝেমধ্যে আমার মেয়েকে মারধর করত। এ নিয়ে এলাকার মুরব্বিদের নিয়ে কয়েকবার দরবারও হয়েছে। তবু আমার মেয়েকে নানাভাবে নির্যাতন করত। এরই একপর্যায়ে গত শুক্রবার রাতে আমার মেয়েকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে হামিদ।’
এ ব্যাপারে জানতে চাইলে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা বলেন, প্রাথমিক সুরতহালে রুকসানার শরীরের বিভিন্ন স্থানে কিছু মারধরের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় দেলাল হোসেন বাদী হয়ে গতকাল একটি হত্যা মামলা করেছেন। হামিদকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।