বরিশাল সিটি করপোরেশনের বহুমুখী পাইকারি কাঁচাবাজারের খাজনা তুলতে পারছেন না বৈধ ইজারাদার। এমনকি তাঁকে খাজনা আদায়ে বাজারেও ঢুকতে দেওয়া হচ্ছে না।
অভিযোগ পাওয়া গেছে, নীরব হোসেন ওরফে টুটুল নামের এক মাছ ব্যবসায়ী এই খাজনা আদায় করছেন। তিনি ইজারাদার না হয়েও কেন্দ্রীয় যুবলীগের এক নেতার প্রভাব খাটিয়ে এ কাজ করছেন। নীরব হোসেন বরিশাল জেলা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।
কেন্দ্রীয় যুবলীগের সদস্য সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সঙ্গে নীরব হোসেনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সেই সম্পর্কের জোরেই নীরব হোসেন প্রকৃত ইজারাদারকে পাশ কাটিয়ে খাজনা তুলছেন বলে অভিযোগ রয়েছে। সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে। এসব বিষয়ে কথা বলতে গত বুধবার যুবলীগ নেতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘এখন শহরের যেকোনো জায়গায় কিছু হলেই আমার নাম জড়ানো হয়। বহুমুখী পাইকারি কাঁচা বাজারের ইজারার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই।’
খাজনা তোলার বিষয়ে নীরব হোসেন বলেন, ‘গত পয়লা বৈশাখ থেকে আমি টোল ওঠাই। এর একটা অংশ সিটি করপোরেশনকে দিই। বাকি টাকা ওয়ার্ড ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ কর্মীদের দেওয়া হয়। কিছুদিন আগে বৈধ ইজারাদার হিসেবে টোল ওঠাতে আসে জিলানী। তাকে ডেকে আমি সমঝোতার জন্য বলেছি। কিন্তু সে তাতে রাজি হয়নি।’
>এখন শহরের যেকোনো জায়গায় কিছু হলেই আমার নাম জড়ানো হয়। বহুমুখী পাইকারি কাঁচাবাজারের ইজারার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই
সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ
সদস্য, কেন্দ্রীয় যুবলীগ
সিটি করপোরেশনের হাট-বাজার শাখা সূত্র জানায়, নগরের বহুমুখী পাইকারি কাঁচা বাজারটি ৩ লাখ ৬৩ হাজার টাকা মূল্য নির্ধারণ করে গত পয়লা বৈশাখ মো. জিলানী চৌধুরীর নামে ইজারা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর কাছ থেকে ১৫ শতাংশ ভ্যাট, ৫ শতাংশ আয়কর ও ৫ শতাংশ পরিচ্ছন্নতা বাবদ অর্থ আদায় করা হয়েছে। এক বছরের জন্য তিনি ওই বাজারের ইজারাদার।
ইজারাদার জিলানী চৌধুরী অভিযোগ করেন, সাত মাস ধরে বাজার থেকে খাজনা আদায় করছেন নীরব হোসেন। বহুবার তাঁর সঙ্গে সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তিনি নগদ অর্থ দিয়ে বাজার ইজারা নিয়েছেন। কিন্তু বাজার থেকে একটি টাকাও তুলতে পারছেন না।
এ বিষয়ে সিটি করপোরেশনের বাজার সুপারিনটেনডেন্ট মু. নুরুল ইসলাম বলেন, জিলানী চৌধুরী লিখিত অভিযোগ করেছেন যে বাজার থেকে তিনি ইজারার টাকা ওঠাতে পারছেন না। এ ব্যাপারে মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ব্যবসায়ীরা বলেন, প্রতিদিন এই কাঁচাবাজারে দুই থেকে আড়াই টন শাকসবজি আসে। দিনে প্রায় ২ হাজার ৩০০ বস্তা কাঁচামাল বিকিকিনি হয়। বছরে নয় মাস প্রতিদিন গড়ে ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা ওঠে এই বাজার থেকে। কিন্তু নভেম্বর থেকে জানুয়ারি—এই তিন মাসে এই টাকার পরিমাণ দাঁড়ায় ৯ থেকে ১০ হাজার টাকা।
নাম প্রকাশ না করার শর্তে একজন ব্যবসায়ী বলেন, শুধু যুবলীগ নেতার সঙ্গে ভালো যোগাযোগ—এটাই বড় পরিচয় মৎস্য ব্যবসায়ী নীরব হোসেনের। ওই ক্ষমতার দাপট দেখিয়ে তিনি খাজনা তুলে নিচ্ছেন।
তবে বহুমুখী পাইকারি কাঁচা বাজার সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, ‘কে ইজারাদার সেটা আমাদের জানার বিষয় নয়। আমরা প্রতিদিন টোল (খাজনা) দিই। বর্তমানে ইজারাদারের হয়ে টোল ওঠাচ্ছেন আনিসুর রহমান। তাঁকে জিজ্ঞেস করলে এ বিষয়ে জানতে পারবেন।’
যোগাযোগ করলে ইজারা আদায়কারী আনিসুর রহমান বলেন, ‘ইজারা কার নামে জানি না। বাজার থেকে প্রতিদিন টোল উঠিয়ে নীরব ভাইকে দিই। আমি সেখান থেকে তিন-চার শ টাকা পাই।’