কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া-থিমছড়ি সড়কের পাশের ১৪টি গাছ (মেহগনি ও একাশি) কেটে ফেলার ঘটনায় স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এক মাস আগে এসব গাছ কাটা হয়। এর মধ্যে দুটি গাছ কে বা কারা চুরি করেছে।
গর্জনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্র জানায়, গত ৫ ও ৬ ডিসেম্বর থিমছড়ি সড়কের পাশে সৃজিত ১৪টি গাছ কেটে ফেলেন গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব সিকদার। সড়কের পাশের সরকারি গাছ কাটার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লিখিতভাবে জানান গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী। পরে ইউএনও ভূমি অফিসের তহশিলদারকে বিষয়টির সত্যতা যাচাইয়ের নির্দেশ দেন। তিনি ঘটনার সত্যতা পান। এরপর গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা গাছগুলো যাতে কেউ নিতে না পারে, সে ব্যবস্থা নেন।
জানতে চাইলে গর্জনিয়া ভূমি অফিসের তহশিলদার চন্দন দাশ বলেন, ইউএনওর নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি ১৪টি গাছ কাটার প্রমাণ পেয়েছেন। গাছ কেটেছেন আয়ুব সিকদার নামের এক ব্যক্তি। কিন্তু গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত গাছগুলোর ব্যাপারে উপজেলা প্রশাসন কোনো সিদ্ধান্ত জানায়নি।
জানতে চাইলে গর্জনিয়া ইউপি চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী বলেন, কেটে ফেলা গাছগুলো এখনো রাস্তার পাশে পড়ে আছে। এর মধ্যে গত বছরের ২৬ ডিসেম্বর রাতে কে বা করা দুটি গাছ নিয়ে গেছে। এ ঘটনার বিচার না হলে সড়কের অন্য গাছগুলো রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রমজান হোসেন বলেন, দুর্গম এলাকায় গিয়ে গাছগুলো পাহারা দেওয়া পুলিশের পক্ষে সম্ভব হচ্ছে না।
স্থানীয় গিলাতলী বনবিট কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী জব্দ করা গাছ বন বিভাগে হস্তান্তর করার কথা। কিন্তু ১৪টি গাছের ক্ষেত্রে এর ব্যতিক্রম হচ্ছে। গাছগুলো কাটার আগে কেউ বন বিভাগ থেকে অনুমতিও নেয়নি।
গাছ কাটার বিষয়ে আওয়ামী লীগের নেতা আয়ুব সিকদার দাবি করেন, ‘২৩ বছর আগে সড়কের পাশে নিজের জমিতে এই গাছগুলো তিনি রোপণ করেন। এখন প্রয়োজন থাকায় এসব গাছ তিনি কেটেছেন। কিন্তু অভিযোগ করায়, পুলিশ কেটে ফেলা গাছ জব্দ করেছে। এ ঘটনার তদন্ত করছেন এসি ল্যান্ড (উপজেলা সহকারী কমিশনার ভূমি)। কয়েক দিন পর তিনি তদন্ত প্রতিবেদন দেবেন। তখন জানতে পারবেন, গাছগুলো আমার, নাকি সরকারের?’
গাছ কাটার আগে বন বিভাগের অনুমতির বিষয়ে আয়ুব সিকদার দাবি করেন, গাছ কাটার বিষয়ে বন বিভাগের মৌখিক অনুমতি ছিল।
জানতে চাইলে রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল করিম গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গর্জনিয়া সড়কের গাছ কাটার ব্যাপারে তিনি কিছুই জানেন না।
এ বিষয়ে গত দুই দিন মুঠোফোনে যোগাযোগ করেও ইউএনও সেলিনা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। তিনি ফোন ধরেননি।