কার গুলিতে আহত যুবদল কর্মী?
চট্টগ্রামে মো. ইয়াছিন (৩০) নামে এক যুবদল কর্মী পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে নগরের পাহাড়তলী বন্দর টোল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য, পাহাড়তলীর বন্দর টোল রোড এলাকায় পেট্রলবোমা নিয়ে ১০-১২ জন যুবক নাশকতার প্রস্তুতি নিলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় যুবকেরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে সঙ্গীদের গুলিতে ইয়াছিন আহত হয়।
তবে আহত ইয়াছিনের দাবি, পুলিশ তাঁকে ধরে নিয়ে রাস্তায় ফেলে গুলি করে। ইয়াছিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকেরা জানিয়েছেন, ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ইয়াছিনকে রাতে ভর্তি করা হয়।
গতকাল শুক্রবার বিকেলে হাসপাতালে ইয়াছিন প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় নগরের দেওয়ানহাট এলাকা থেকে তাঁকে আটক করে পাহাড়তলী থানা-পুলিশ। পরে তাঁকে বন্দর টোল রোড এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে রাস্তায় ফেলে ডান পায়ে গুলি করে পুলিশ। তিনি অচেতন হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে আসে।
ইয়াছিন নিজেকে যুবদলের কর্মী বলে দাবি করে বলেন, কমিটি গঠিত হলে যুবদলে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার কথা রয়েছে তাঁর। তিনি পোশাক কারখানার ঝুট কাপড়ের ব্যবসা করেন বলে জানান। তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা প্রসঙ্গে বলেন, ‘রাজনীতি করলে পুলিশ তো মিথ্যা মামলা দিবেই।’ হাসপাতালে তাঁর পাশে বসে কাঁদছিলেন মা রিজিয়া বেগম। তিনি জানান, তাঁর ছেলেকে পুলিশ ধরে নিয়ে পায়ে গুলি করে। এর বিচার চান তিনি।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান বলেন, পাহাড়তলীর বন্দর টোল রোড এলাকায় ইয়াছিনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন যুবক পেট্রলবোমা ও ককটেল নিয়ে নাশকতার পরিকল্পনা করছে, এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলিবর্ষণ করলে অন্যরা পালিয়ে যায়। ইয়াছিন তাঁর সহযোগীদের গুলিতে আহত হয়ে রাস্তায় পড়েছিল। পরে ঘটনাস্থল থেকে দুটি পেট্রলবোমা ও দুটি ককটেল উদ্ধার করা হয়। ইয়াছিনের বিরুদ্ধে পাহাড়তলী থানায় নাশকতার ছয়টি মামলা রয়েছে।