কার গুলিতে নুর মোহাম্মদের মৃত্যু?

কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নুর মোহাম্মদ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার আট আসামির সবাইকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। অভিযোগ উঠেছে, এ ক্ষেত্রে বড় অঙ্কের অর্থের বিনিময় হয়েছে।
তবে মামলার তদন্ত কর্মকর্তা টেকনাফ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ আলম চৌধুরী গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নুর মোহাম্মদ নিহত হলেও এ ব্যাপারে সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় আসামিদের অব্যাহতি দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ঘুষ বা কোনো অনিয়ম করা হয়নি।
ঘটনার দিন র্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০ মার্চ দুপুরে টেকনাফের লেদাগ্রাম থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নুর মোহাম্মদ এবং মো. ইসমাইলকে র্যাব আটক করে। এরপর বেলা সাড়ে তিনটার দিকে তাঁদের নিয়ে নাফ নদীর জালিয়ার দ্বীপে ইয়াবা চালান উদ্ধারে নামেন র্যা ব সদস্যরা। কিন্তু দ্বীপে ওঠামাত্র কয়েকজন দুর্বৃত্ত র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় পালাতে গিয়ে নুর মোহাম্মদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের এসআই দৌস মোহাম্মদ বাদী হয়ে ওই দিনই টেকনাফ থানায় আটজনের বিরুদ্ধে মামলা দুটি করেন। এজাহারে বাদী উল্লেখ করেন, আসামিরা পরস্পর সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ করেন। তাঁরাই গুলি করে নুর মোহাম্মদকে হত্যা করেছেন।
কক্সবাজার আদালতের পুলিশ পরিদর্শক মেজবাহ উদ্দিন খান গত বুধবার জানান, কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম-টেকনাফ আদালতে ১০ আগস্ট মামলা দুটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। কিন্তু এদিন পর্যন্ত তা আদালত গ্রহণ করেননি। আদালত প্রতিবেদন পর্যালোচনা করছেন।
মামলার সব আসামি অব্যাহতি পাওয়ায় সমালোচনা চলছে। লোকজনের মুখে এখন প্রশ্ন, ‘তাহলে র্যাবের গুলিতেই কি নুর মোহাম্মদের মৃত্যু হয়েছিল?’
অব্যাহতি পাওয়া আসামিরা হলেন টেকনাফের হ্নীলা পূর্ব সিকদারপাড়ার আনোয়ার ও শামছু ওরফে বার্মাইয়া শামছু; ফুলেরডেইল গ্রামের দেলোয়ার ও রুস্তম; টেকনাফ পৌরসভার ডেইলপাড়ার নুরুল আমিন, মধ্যম পানখালী গ্রামের এরশাদ, টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার শাহ আলম ও দক্ষিণ জালিয়াপাড়ার জোবায়ের।
২০১৩ সালের ৩০ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৭৬৪ জন ইয়াবা ব্যবসায়ীর তালিকা প্রকাশ করে। ওই তালিকায় নুরুল আমিন, দেলোয়ার ও শাহ আলমের নাম রয়েছে। আর বার্মাইয়া শামছু ও জোবায়েরের বিরুদ্ধে ইয়াবা পাচারের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
একাধিক সূত্র জানায়, মাথাপিছু ১০ থেকে ২৪ লাখ টাকা খরচ করে আসামিরা মামলা দুটি থেকে অব্যাহতি পেয়েছেন। নাফ নদীর জালিয়ার দ্বীপে কয়েক বছর ধরে ১৭টির বেশি চিংড়িঘের ও লবণ মাঠ করা হচ্ছে। সেখানে ঘর তৈরি করে থাকেন শতাধিক শ্রমিক। এঁদের অনেকে সেদিনের ঘটনার সাক্ষী। অথচ পুলিশ সাক্ষী না পাওয়ার অজুহাতে আসামিদের অব্যাহতি দিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, জালিয়ার দ্বীপে লোকবসতি পাওয়া যায়নি। তাই অনেক চেষ্টা করেও কার গুলিতে নুর মোহাম্মদ মারা গেছেন, তা জানা যায়নি।
কিন্তু মামলার বাদী (র্যাব-৭ কক্সবাজারে তৎকালীন কর্মরত) এসআই দৌস মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল, তাদের নুর মোহাম্মদ হত্যা ও অস্ত্র মামলায় আসামি করা হয়েছে। পুলিশ কেন আসামিদের অব্যাহতি দিল, তা বুঝতে পারছি না।’ তাহলে কার গুলিতে নুর মোহাম্মদের মৃত্যু হয়েছে প্রশ্নে তিনি বলেন, ‘এর জবাব আমি মামলার তদন্ত কর্মকর্তা অথবা আদালতকে দেব।’