কার স্বার্থে ছাত্রী ভর্তি বন্ধ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার সাঁকোয়া উচ্চবিদ্যালয়ে এবার ষষ্ঠ শ্রেণিতে ছাত্রী ভর্তি করা হয়নি। পার্শ্ববর্তী অপর একটি বালিকা বিদ্যালয়ের ছাত্রীসংখ্যা বাড়াতে কৌশলে সাঁকোয়া উচ্চবিদ্যালয়ে ছাত্রী ভর্তি করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বাধ্য হয়ে দূরের বিদ্যালয়ে মেয়েদের ভর্তি করিয়ে ভোগান্তিতে পড়েছে এসব শিক্ষার্থী ও অভিভাবকেরা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার মাড়িয়া ইউনিয়নের সাঁকোয়া উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই এখানে ছাত্রছাত্রী একসঙ্গে লেখাপড়া করে আসছে। বিদ্যালয়ের ফলাফলেও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। তবে চলতি বছরের শুরুতে বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ঘোষণা ছাড়াই ছাত্রী ভর্তি বন্ধ করে দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপনে এই নিষেধাজ্ঞা জারি করেন। এরই ফলে চলতি বছর বিদ্যালয়টিতে ষষ্ঠ শ্রেণিতে কোনো ছাত্রী ভর্তির সুযোগ পায়নি। কয়েক দিন আগে ছাত্রী ভর্তি করার বিষয়ে প্রধান শিক্ষকের এ নিষেধাজ্ঞার বিষয়টি প্রকাশ পায়।
বিদ্যালয়ের আশপাশের খামারগ্রাম ও মাঝগ্রামের ১০ থেকে ১২ জন অভিভাবক বলেন, চলতি বছর তাঁরা সাঁকোয়া উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে মেয়েদের ভর্তি করতে নিয়ে গেলে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। ওই বিদ্যালয়ে ছাত্রী ভর্তির কোনো সুযোগ নেই বলে জানানো হয়। মেয়েদের পার্শ্ববর্তী সালেহা ইমারত গার্লস একাডেমিতে ভর্তির পরামর্শ দেওয়া হয় তাঁদের। কিন্তু সালেহা ইমারত বিদ্যালয়টি ততটা ভালো মানের না হওয়ায় নিরুপায় হয়ে তাঁরা মেয়েদের দূরের অপেক্ষাকৃত ভালো বিদ্যালয়ে ভর্তি করাতে বাধ্য হন। এতে মেয়েদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সমস্যা মোকাবিলা করতে হচ্ছে তাঁদের।
আবদুল মজিদ নামের এক অভিভাবক বলেন, তাঁর মেয়ে এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেলেও তাকে সাঁকোয়া উচ্চবিদ্যালয়ে ভর্তি করাতে পারেননি। নিরুপায় হয়ে মেয়েকে পাঁচ কিলোমিটার দূরের ভটখালী উচ্চবিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। সাঁকোয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখানে ছাত্রী ভর্তি নিষিদ্ধ জানিয়ে ফেরত পাঠিয়েছেন।
আয়তুল নামের আরেক অভিভাবক বলেন, তাঁর মেয়ে মাহমুদা আখতারকে সাঁকোয়া উচ্চবিদ্যালয়ে ভর্তি করতে নিয়ে গেলে তাঁকে সালেহা ইমারত গার্লস একাডেমিতে ভর্তির পরামর্শ দিয়ে ফেরত দেন প্রধান শিক্ষক। পরে মেয়েকে বাড়ি থেকে চার-পাঁচ কিলোমিটার দূরের আরেকটি বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সাঁকোয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনছুর রহমান এবার ছাত্রী ভর্তি না করার অভিযোগ স্বীকার করে বলেন, এবার কমপক্ষে ৬০ জন ছাত্রীকে ভর্তি করা হয়নি। কিছু চাপে তিনি ছাত্রী ভর্তি থেকে বিরত ছিলেন বলে জানান। তবে কিসের চাপ, তা তিনি স্পষ্ট করে বলেননি। সেই সঙ্গে প্রধান শিক্ষক এও স্বীকার করেন, তাঁর বিদ্যালয়ে বরাবরই ছাত্রদের চেয়ে ছাত্রীদের পরীক্ষার ফলাফল ভালো।
বিদ্যালয়ের একাধিক দায়িত্বশীল ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাঁকোয়া বিদ্যালয় থেকে গত জেএসসি পরীক্ষায় ২৪ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৬ জনই ছাত্রী। ছাত্রীদের কারণে বিদ্যালয়টির সুনাম এলাকাজুড়ে। তাঁরাও ছাত্রী ভর্তির বিষয়ে অলিখিত নিষেধাজ্ঞায় বিব্রত বলে জানান।
এদিকে সালেহা ইমারত গার্লস একাডেমির প্রধান শিক্ষক মতিউর রহমান বলেন, এবার তাঁর বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। গত বছর ষষ্ঠ শ্রেণিতে এ বিদ্যালয়ে ৪০ জন শিক্ষার্থী ছিল। এবার এ শ্রেণিতে ভর্তি হয়েছে ৫৫ জন ছাত্রী। তবে তিনি বলেন, তাঁদের বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে সাঁকোয়া বিদ্যালয়ের সঙ্গে কোনো কথা হয়নি। ওপর মহল থেকে সাঁকোয়া বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো কথা হয়েছে কি না, তা তাঁর জানা নেই।
সালেহা ইমারত গার্লস একাডেমির প্রতিষ্ঠাতা স্থানীয় সাংসদ এনামুল হকের সঙ্গে এ বিষয়ে কথা বলতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মুস্তাফিজুর রহমান বলেন, ছাত্রী ভর্তি করানোর বিষয়টি বিদ্যালয়ই দেখভাল করে। বিদ্যালয় কর্তৃপক্ষ ইচ্ছে করলে ছাত্রী ভর্তি নাও করাতে পারে।