কারওয়ান বাজার ও মিরপুর থেকে দেড় টন পলিথিন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষতিকর পলিথিনবিরোধী অভিযানে কারওয়ান বাজার ও মিরপুর থেকে ১ হাজার ৭৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ ছাড়া পলিথিন বিক্রির অভিযোগে ৭৫ হাজার টাকা জরিমানাও করা হয়। গতকাল রোববার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, কারওয়ান বাজার এলাকায় মাসুম আকনের গুদামে অভিযান চালিয়ে আনুমানিক ৭৫০ কেজি পলিথিন জব্দ এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মিরপুর ১২ নম্বর বাজার এলাকার শহিদুল ইসলামের গুদামে অভিযান চালিয়ে আনুমানিক এক হাজার কেজি পলিথিন জব্দ করা হয়। আদালত তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহেদ হোসেন।
রাহেদ হোসেন সাংবাদিকদের জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী পলিথিন শপিং ব্যাগ বা অন্য যেকোনো সামগ্রী যা পরিবেশের জন্য ক্ষতিকর সেসব উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুত, পরিবহন ইত্যাদি নিষিদ্ধ। পলিথিনের বিরূপ প্রতিক্রিয়ায় পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। ইতিমধ্যে পলিথিনের যথেচ্ছ ব্যবহারের ফলে ঢাকা শহরের অনেক নদীনালা, ড্রেন বন্ধ হয়ে গেছে। বাসস।