কারওয়ান বাজারের সড়ক দখলমুক্ত হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারওয়ান বাজার এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি আঞ্চলিক কার্যালয় আছে। কারওয়ান বাজারের অন্যান্য জায়গার মতো এই আঞ্চলিক কার্যালয়ের সামনের সড়কও চলে গেছে অবৈধ দোকানদারদের দখলে। প্রায় নিয়মিত উচ্ছেদ করা হলেও স্থায়ী দখলভাবে দখলমুক্ত হচ্ছে না সড়কগুলো।
কয়েক দিন থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কারওয়ান বাজার এলাকার সড়ক বা ফুটপাত থেকে অবৈধ দোকানপাট তুলতে এবং অবৈধ পার্কিং উচ্ছেদ করতে অভিযান চালাচ্ছে। অবৈধ দোকান না বসাতে মাইকে নিয়মিত ঘোষণাও দেওয়া হচ্ছে। তবুও অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। উচ্ছেদকারীরা চলে যাওয়ার খানিক পরেই অবৈধ দখলদারেরা ফিরে আসছে। এমনকি উচ্ছেদে আসা সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে দখলদারদের বাদানুবাদের ঘটনাও ঘটছে।
গতকাল শনিবার বিকেলে দেখা যায়, কারওয়ান বাজার ১ ও ২ নম্বর সিটি করপোরেশন সুপার মার্কেট, কিচেন মার্কেট, কাঁচামালের আড়তের সামনের সড়কে ফল, মনিহারি সামগ্রী, মশারি, কাপড়ের দোকানসহ নানা জিনিসের পসরা সাজিয়ে বসেছেন দোকানদারেরা। সড়কের অনেকাংশই চলে গেছে তাদের দখলে।
২ নম্বর সিটি করপোরেশন সুপার মার্কেটের সামনে মশারি বিক্রি করছিলেন সানোয়ার হোসেন। তিনি বললেন, ‘উচ্ছেদ করতে আসবে শুনলেই আমরা মালপত্র সরায়ে রাখি। তারা চলে গেলে আবার বসাই। আমরাও বুঝি, অন্যের অসুবিধা হয়। কিন্তু দোকান না বসালে তো না খেয়ে থাকতে হয়।’
গত বৃহস্পতিবার বিকেলে সিটি করপোরেশনের কয়েকজন কর্মচারী কারওয়ান বাজার এলাকায় সড়কে দোকান না বসাতে মাইকে ঘোষণা দিতে এলে তাঁদের সঙ্গে দখলদারদের বাগ্বিতণ্ডা হয়। অবৈধ দোকানদারেরা দোকান সরিয়ে না নিলে সিটি করপোরেশনের কর্মচারীরা সেখান থেকে চলে যান।
নিয়মিত উচ্ছেদকারী গাড়ি কারওয়ান বাজার ও আশপাশের সড়কগুলোয় অবৈধ সবজির দোকান, ছোট ছোট কিছু স্থাপনা উচ্ছেদ করে। কারওয়ান বাজারেই অবস্থিত ডিএনসিসির অঞ্চল-৫-এর কার্যালয়। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম আজিয়র রহমান প্রথম আলোকে বলেন, ‘কারওয়ান বাজারে স্থায়ী স্থাপনা বসিয়ে দখল আগের মতো নেই। উচ্ছেদ করে চলে আসার পর কিছু ভাসমান হকার এখনো বসে। পুরোপুরি হকারমুক্ত করতে হলিডে মার্কেটসহ কয়েকটি পরিকল্পনা আছে। কারওয়ান বাজার এলাকা দখলমুক্ত করা হবেই।’
গত বছরের ১০ অক্টোবর ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক কারওয়ান বাজারের সব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ১০ দিন সময় বেঁধে দিয়েছিলেন। কারওয়ান বাজার স্থানান্তরের বিষয়ে বাজার কমিটির নেতা, স্থানীয় কাউন্সিলর ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র এ সময় বেঁধে দিয়েছিলেন। ওই সভায় কারওয়ান বাজার মার্কেট সমিতির নেতারা ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কারওয়ান বাজারের ফুটপাত ও মার্কেটের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সড়ক যান চলাচল উপযোগী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সড়ক দখলমুক্ত হয়নি।