কারখানা চত্বর থেকে নারীর লাশ উদ্ধার
কুষ্টিয়া শহরের গড়াই নদ-সংলগ্ন একটি কারখানার ভেতর থেকে গতকাল শনিবার এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ওই নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
ওই নারীর নাম আলেয়া খাতুন (৭০)। তিনি শহরের থানাপাড়া জিকে বালুঘাট এলাকার আবুল কালামের স্ত্রী। রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেডের কারখানার চত্বরে তাঁর লাশ পড়ে ছিল। সরকারি এই কারখানায় দেশের সব চিনিকলের যন্ত্র তৈরি ও মেরামত করা হয়।
গতকাল সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কারখানার চত্বরটি অনেক বড়। এর ভেতর একটি নালা আছে। তাতে অল্প পানি। সেখানে লাশের হাতের সঙ্গে বিদ্যুতের তার জড়ানো। লাশের পায়ের কাছে একটি শিয়ালও মরে পড়ে আছে।
আলেয়ার বড় ছেলে জয়নাল খান বলেন, গত শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে তাঁর মা জ্বালানির খড়ি কুড়াতে কারখানার ভেতরে যান। তিনি প্রায়ই ওই কারখানার ভেতরে খড়ি কুড়াতে যেতেন। ওই দিন সকাল থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁকে আত্মীয়স্বজনসহ বিভিন্ন এলাকায় খোঁজা হয়। একপর্যায়ে তাঁরা গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে কারখানার চত্বরে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন।
কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, পসকাল নয়টার দিকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান বলেন, বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার বিষয়টি তাঁর জানা ছিল না। তা ছাড়া শুক্রবার ছুটি থাকায় বিষয়টি কেউ তেমন খেয়াল করেনি।