কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি পোশাক তৈরির কারখানা থেকে গতকাল শুক্রবার বিকেলে মো. আলী হোসেন (২৫) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ষষ্ঠ তলা থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।
আলীর বাড়ি নাটোরের নলডাঙ্গার দুর্লভপুর এলাকায়। তিনি ও তাঁর দুই ভাইসহ পাঁচজন চুক্তিতে ওই কারখানায় যন্ত্রপাতি তুলছিলেন।
পুলিশ ও কারখানা সূত্রের বিবরণ অনুযায়ী, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স নামের পোশাক তৈরির কারখানা রয়েছে। গতকাল দুপুরে আলী, তাঁর দুই ভাই আবু সাঈদ ও হায়দার আলী মোল্লাসহ পাঁচজনের একদল শ্রমিক ওই কারখানার ষষ্ঠ তলায় যন্ত্রপাতি তুলছিলেন। বেলা তিনটার দিকে তাঁরা কারখানার ষষ্ঠ তলায় পৌঁছান। একপর্যায়ে আলী সেখান থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ বিকেলে লাশটি উদ্ধার করে।
কারখানার ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আলী হোসেন আমাদের কারখানার শ্রমিক নন। তাঁরা চুক্তিতে কারখানার মেশিন তোলার কাজ করছিলেন। শুনেছি আলী নিচে লাফিয়ে পড়ে মারা গেছেন।’
সন্ধ্যা সাতটার দিকে মুঠোফোনে জানতে চাইলে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. বকুল বলেন, ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।