কারখানা বন্ধ করে এমডি লাপাত্তা
ব্যাংক ও শ্রমিকদের পাওনা বকেয়া রেখে লাপাত্তা হয়ে গেছেন বিকেএমইএর সাবেক পরিচালক ও রপ্তানিমুখী সেনসিবল ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক শফিকুজ্জামান ওরফে প্রিন্স। কোনো পূর্ব নোটিশ ছাড়াই নগরের উত্তর মাসদাইরের কেতাবনগরে অবস্থিত কারখানাটি ২৫ এপ্রিল বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ।
কারখানা বন্ধ করে দেওয়ায় প্রতিষ্ঠানটির ৪০০ শ্রমিকের জীবনে নেমে এসেছে চরম হতাশা। তাঁরা ২৬ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয় ও ২৭ এপ্রিল বিকেএমইএ এর প্রধান কার্যালয়ের সামনে সমাবেশ করেন।
ওই সমাবেশে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, শফিকুজ্জামান ব্যাংক ও শ্রমিকদের কোটি কোটি পাওনা টাকা আত্মসাৎ করে সপরিবারে বিদেশে পালিয়ে গেছেন। শ্রমিকদের মার্চ-এপ্রিল দুই মাসের বেতন, ওভারটাইম, পে-নোটিশ, গ্র্যাচুইটি ও শ্রম আইনে প্রাপ্য অন্যান্য সুবিধা বাবদ প্রায় তিন কোটি টাকা বকেয়া রয়েছে। তিনি বলেন, বিনা নোটিশে কারখানা বন্ধ করা শ্রম আইনের পরিপন্থী। কারখানার মালিকপক্ষ শুধু শ্রমিকদেরই নয়, ব্যাংক ও বিভিন্ন সরবরাহকারী প্রতিষ্ঠানসহ অন্যান্য ব্যক্তির প্রায় ৩০ কোটি টাকা বকেয়া রেখে আত্মগোপন করেছে।
জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য জেলা প্রশাসক ও বিকেএমইএর প্রধান কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু কেউ শ্রমিকদের পাওনা পরিশোধের দায়িত্ব নিচ্ছে না।
এ ব্যাপারে স্ট্যান্ডার্ড ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক গোলাম মোস্তফা ১৯ এপ্রিল ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। এতে অভিযোগ করা হয়, শফিকুজ্জামানসহ মালিকপক্ষের পাঁচজন বিভিন্ন সময়ে এলসির মাধ্যমে ১৫ কোটি ১৪ লাখ টাকা ঋণ নেন। ব্যাংক থেকে নেওয়া ঋণ তাঁরা পরিশোধ করেননি। আবার যে পরিমাণ ঋণ নিয়েছেন, সে পরিমাণ মালামাল কারখানায়ও নেই। ব্যাংক কর্তৃপক্ষের আশঙ্কা, মালিকপক্ষ ঋণের অর্থ আত্মসাৎ করতে পারে।
এসব বিষয়ে কথা বলতে প্রতিষ্ঠানটির অন্যতম মালিক মঞ্জুর আলীম দীদারের মুঠোফোনে গতকাল যোগাযোগ করা হয়, কিন্তু তিনি ফোন ধরেননি।
জানতে চাইলে বিকেএমইএর সহসভাপতি (অর্থ) জি এম ফারুক বলেন, সেনসিবল ফ্যাশনের শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে বিকেএমইএ যথাযথ চেষ্টা করবে।
শিল্প পুলিশ-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, মালিকপক্ষ কারখানাটি ভাড়ায় চালাত। তারা কারখানায় আসে না। তাদের খোঁজা হচ্ছে।