প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার রতনপুর এলাকায় ভেজাল সয়াবিন ও সরিষার তেল তৈরির কারখানায় গতকাল মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তিন শ্রমিককে আটক করেছে পুলিশ। এ সময় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। আটক হওয়া শ্রমিকেরা হলেন কবির হোসেন, মোসলেম উদ্দিন ও আবদুল মজিদ। পুলিশ জানায়, এই কারখানা থেকে ভেজাল সরিষা ও সয়াবিন তেল আলীরাজী ব্র্যান্ডের মনোগ্রাম ব্যবহার করে বিভিন্ন স্থানে বাজারজাত করা হচ্ছিল। কারখানার ভেতর থেকে বোতলজাত ৫০০ লিটার তেল এবং ভেজাল তেল তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করে পুলিশ। অবশ্য কারখানার মালিক আবদুর রহিম দাবি করেন, ‘তেলে কোনো ভেজাল নেই। লাইসেন্স নিয়ে ব্যবসা করে আসছি।’ রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, এ ব্যাপারে মামলা করা হবে।